১৪ দেশের ২৪ স্টেশনে নিবন্ধন কার্যক্রম; ইতিমধ্যে ১৮,৮৫৩টি এনআইডি দূতাবাসে

প্রবাসীদের এনআইডি কার্যক্রমে অগ্রগতি: প্রস্তুত ১৮,৮৬৫ পরিচয়পত্র

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৬ | আপডেট: ৫:২৯ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের উদ্যোগে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসীদের কাছ থেকে প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই শেষে এখন পর্যন্ত ১৮ হাজার ৮৬৫ জনের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করেছে কমিশন, যার মধ্যে ১৮ হাজার ৮৫৩টি সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ মিশনে পাঠানো হয়েছে বিতরণের জন্য।

সোমবার (৯ মার্চ) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের প্রস্তুত করা এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এতে ৩ মার্চ পর্যন্ত প্রাপ্ত ও প্রক্রিয়াধীন তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: নির্বাচন পর্যবেক্ষণে সহযোগিতায় ইসিকে ধন্যবাদ ইইউ মিশনের

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১৪টি দেশের ২৪টি স্টেশনে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব দেশের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান এবং দক্ষিণ আফ্রিকা।

ইসি সূত্র জানিয়েছে, এ পর্যন্ত ৮২ হাজার ৯৭৬ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধনের জন্য আবেদন করেছেন। যাচাই-বাছাই শেষে ১৮ হাজার ৪৫৪টি আবেদন বাতিল করা হয়েছে, আর ৩৯ হাজার ৭ জনের আবেদন অনুমোদন দিয়েছে কমিশন। এছাড়া বর্তমানে ৩ হাজার ৬৬ জনের আবেদন তদন্তাধীন রয়েছে।

আরও পড়ুন: চলতি বছরে ৪,৬৫৩ স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

অনুমোদিত আবেদনগুলোর মধ্যে থেকে ইতোমধ্যে ১৮ হাজার ৮৬৫টি এনআইডি কার্ড প্রিন্ট করা হয়েছে। এর মধ্যে ১৮ হাজার ৮৫৩টি সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস বা হাইকমিশনে পাঠানো হয়েছে বিতরণের জন্য। আরও ৫ হাজার ৩৯৮টি এনআইডি প্রিন্ট করার উপযোগী অবস্থায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দেশভিত্তিক আবেদনের পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি আবেদন এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে, যেখানে মোট আবেদন জমা পড়েছে ২৩ হাজার ৭৬টি। এর মধ্যে যাচাই শেষে ৯ হাজার ১০টি এনআইডি প্রিন্ট করা হয়েছে।

আবেদনের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য, যেখানে মোট ১৫ হাজার ৩৪৯টি আবেদন জমা পড়েছে। তদন্ত ও অনুমোদনের পর এখন পর্যন্ত ৪ হাজার ২৪৪টি এনআইডি প্রিন্ট করে সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হয়েছে।

অন্যদিকে সবচেয়ে কম আবেদন এসেছে দক্ষিণ আফ্রিকা থেকে, যেখানে এখন পর্যন্ত ১১৫টি আবেদন জমা পড়েছে। তবে যাচাই প্রক্রিয়া চলমান থাকায় এখনো কোনো এনআইডি প্রিন্ট করা হয়নি।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সেবা সহজলভ্য করা এবং ভবিষ্যতে প্রবাস থেকে ভোটাধিকার নিশ্চিত করার প্রস্তুতির অংশ হিসেবেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। দূতাবাসভিত্তিক নিবন্ধন ও পরিচয়পত্র বিতরণের মাধ্যমে ধাপে ধাপে আরও দেশকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।