জন্মদিনে অনুরাগীদের সারপ্রাইজ দেবেন শাহরুখ খান
এ বছরে সুপারস্টার শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’ঝড়ে বলিউডের বক্স অফিস দারুণ চাঙ্গা। দুটো হিট সিনেমা উপহার দেয়ার পর এবার ২ নভেম্বর নিজের জন্মদিনে আরেকটি সারপ্রাইজ দিতে চলেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।
পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, শাহরুখের জন্মদিনে সবচেয়ে বড় চমক থাকছে ‘ডাঙ্কি’ সিনেমার টিজার। জন্মদিনের প্রথম ভাগেই উন্মুক্ত করা হবে রাজকুমার হিরানি নির্মিত ছবিটির ঝলক অর্থাৎ টিজার। এরপর একই টিজার ভক্তদের সঙ্গে একটি ফ্যান-মিট অনুষ্ঠানে উপভোগ করবেন শাহরুখ।
আরও পড়ুন: প্রভাসের ‘ফৌজি’ সিনেমার শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনা, বন্ধ শুটিং
এটি বলিউডের সবচেয়ে বড় বার্থডে পার্টি হতে চলেছে। যেখানে পুরো বলিউডই হাজির হবে! মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় জমকালো আয়োজনে হবে এই পার্টি। ইতোমধ্যে বলিউডের প্রায় সব অভিনেতা, অভিনেত্রী, নির্মাতা ও প্রযোজকের কাছে নিমন্ত্রণপত্র পাঠানো হয়ে গেছে শাহরুখের টিমের পক্ষ থেকে। দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকেও একাধিক তারকা উপস্থিত হবেন বলে জানিয়েছে একটি ঘনিষ্ঠ সূত্র।
দীপিকা পাড়ুকোন, কাজল, আলিয়া ভাট, করন জোহর, সিদ্ধার্থ আনন্দ, রাজকুমার হিরানি, অ্যাটলি কুমারসহ ভারতীয় সিনেমার বড় বড় তারকারা থাকছেন এই পার্টিতে। বলিউড ভাইজান সালমান খানও দর্শন দেবেন। ওই সূত্রের ভাষ্য, ‘এগুলো কেবল মুখ্য কয়েকটি নাম। আরও অনেকেই আসবেন বাদশাহর জন্মদিন উদযাপন করতে। স্টাইল, গ্ল্যামার আর আনন্দের এক রাত হতে চলেছে এটি।’
আরও পড়ুন: টক্সিক’ নিয়ে নতুন বিতর্ক: ঘনিষ্ঠ দৃশ্যের গুঞ্জন উড়িয়ে দিলেন কিয়ারা
‘ডাঙ্কি’ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন তাপসী পান্নু, দিয়া মির্জা, বোমান ইরানি, ধর্মেন্দ্র, সতীশ শাহ প্রমুখ। এছাড়া অতিথি চরিত্রে কাজল ও ভিকি কৌশলকে দেখা যাবে। আগামী ২১ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
‘৩ ইডিয়টস’, ‘পিকে’, ‘মুন্নাভাই’ ফ্র্যাঞ্চাইজি, ‘সঞ্জু’র মতো একাধিক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন রাজকুমার হিরানি। এমন পরিচালকের সঙ্গে এতদিন বাদে জুটি বেঁধেছেন শাহরুখ খান।





