চলছে শিল্পী সমিতির নির্বাচন

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ন, ১৯ এপ্রিল ২০২৪ | আপডেট: ৯:৪৯ পূর্বাহ্ন, ১৯ এপ্রিল ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আজ শুক্রবার (১৯ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯ টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৫ টা পর্যন্ত চলবে।

গঠনতন্ত্র অনুযায়ী, ভোট গ্রহণ শেষে আজই ফলাফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন: ফুটবল উন্মাদনায় পারিবারিক গল্প ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’ শিগগিরই আসছে

এবারের নির্বাচনে অরুণা বিশ্বাস, শাকিব খান, ফেরদৌস আহমেদ, মৌসুমী, আজিজুল হাকিম, আনিসুর রহমান মিলন, রেসি, বিপাশা কবির, সোহানা সাবা, পুষ্পিতা পপিসহ বেশ কয়েকজন জনপ্রিয় তারকা ভোট দিতে পারছেন না।

তবে তাদের ভোট দিতে না পারার পেছনে বিশেষ কোনো কারণ নেই। ব্যক্তিগত কাজে দেশের বাইরে অবস্থানের কারণে ভোট দিতে পারছেন না এই অভিনয় শিল্পীরা।

আরও পড়ুন: পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

গত নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস। তবে এবার ভোটের মাঠ থেকে নিজেকে দূরে রেখেছেন। দেশে না থাকার কারণে আসতে পারছেন না ভোট দিতে। প্রবাস থেকে এই অভিনেত্রী বলেন, দেশে থাকলে অবশ্যই ভোট দিতে আসতাম। কিন্তু বিশেষ কারণে দেশে না থাকার কারণে ভোট দিতে পারছি না। সবাইকে খুব মিস করছি।

জানা গেছে, দীর্ঘ সময় ধরে আড়ালে থাকার কারণে গতবারের মতো এবারও ভোট দিতে আসছেন না চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। বিয়ে করে গোপনে সংসার করছেন এই অভিনেত্রী। শুটিংয়ের জন্য হায়তারাবাদ রয়েছেন শাকিব খান। তবে লন্ডন থেকে ভোট দিতে এসেছেন অভিনেতা জিয়া তালুকদার।

২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি মিশা-ডিপজল পরিষদ, অন্যটি কলি-নিপুণ পরিষদ। এর মধ্যে সভাপতি পদে লড়ছেন একসময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি ও দাপুটে খল-অভিনেতা মিশা সওদাগর।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে গেল আসরের মতো এবারও প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তার বিপরীতে দাঁড়িয়েছেন চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর’ খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মোট ভোটার সংখ্যা ৫৭০ জন। তারাই বেছে নেবেন আগামী দুই বছরের চলচ্চিত্র শিল্পীদের নেতা-অভিভাবক।