টলিউডে অনির্দিষ্টকালের শুটিং বন্ধ

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:১৬ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতীয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদে এবং শিল্পীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের শিল্পী সংগঠনগুলো। মঙ্গলবার সকাল থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সিনেমা ও ধারাবাহিকের সব ধরনের শুটিং বন্ধ থাকবে।

রোববার সন্ধ্যায় কলকাতার টেকনিশিয়ানস স্টুডিয়োতে টলিউড তারকাদের এক জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, রূপাঞ্জনা মিত্র ও বিদীপ্তা চক্রবর্তীসহ শীর্ষস্থানীয় শিল্পীরা।

আরও পড়ুন: গুলির ঘটনার পর রহস্যময় পোস্ট রোহিত শেঠির, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

এর আগে শনিবার বিকেলে রাজপথে নেমে প্রতিবাদ জানান টলিপাড়ার একঝাঁক তারকা। রাহুলের আকস্মিক মৃত্যুকে ঘিরে ক্ষোভ প্রকাশ করে তারা জানতে চান—কেন এবং কীভাবে এই অকাল মৃত্যু ঘটল।

এ ঘটনায় শনিবার দুপুরে রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে একটি এফআইআর দায়ের করা হয়। একইসঙ্গে, বিচার দাবিতে রাহুলের স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার শনিবার মধ্যরাতে কলকাতা থেকে উড়িষ্যার তালসারি থানায় গিয়ে আরেকটি পৃথক এফআইআর করেন।

আরও পড়ুন: মেয়ে জাইমা রহমানকে নিয়ে সিনেমা হলে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৈঠক শেষে আর্টিস্ট ফোরামের পক্ষে অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, “আমরা শুরু থেকেই রাহুলের পরিবারের পাশে আছি। এই লড়াই শুধু একজন শিল্পীর জন্য নয়, আমাদের সবার জীবনের নিরাপত্তার জন্য। শুটিংয়ে গিয়ে নিরাপদে ঘরে ফিরতে পারব—এই নিশ্চয়তা এখন নেই। রাহুল আমাদের চোখ খুলে দিয়েছে। তাই বাধ্য হয়েই আমরা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছি।”

শিল্পী ও টেকনিশিয়ানদের এই কর্মবিরতিতে সংহতি জানিয়েছে প্রায় চার হাজার সদস্যের আর্টিস্ট ফোরাম এবং সাত হাজার সদস্যের টেকনিশিয়ান ফেডারেশন। ফলে বড় পর্দার পাশাপাশি ছোট পর্দার সব ধরনের শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে।