‘মালিক’ নিয়ে আশাবাদী আরিফিন শুভ: দর্শক আনন্দ পেলেই সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ন, ০৯ জুন ২০২৬ | আপডেট: ১:৪০ অপরাহ্ন, ০৯ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত পরিচালক সাইফ চন্দনের সিনেমা ‘মালিক’ দর্শকমহলে আলোচনার জন্ম দিয়েছে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে নিজের অভিজ্ঞতা, প্রত্যাশা এবং দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে আরিফিন শুভ বলেন, একজন শিল্পীর কাছে যে সুযোগ আসে, সেটিকে সততার সঙ্গে কাজে লাগানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “যখন যেই অপরচুনিটি আসে, যেই সুযোগটা আসে সেটা সৎ ব্যবহার করাটাই হচ্ছে সময়। আমার কাছে এই সুযোগটা এসেছিল, আমি সৎ ব্যবহার করেছি। আল্লাহর হুকুম যখন, তখনই হয়েছে। সময়ে কোনো সঠিক-বেঠিক হয় বলে আমার মনে হয় না; সময় সময় হয়।”

আরও পড়ুন: শাবনূরকে নিয়ে আবেগঘন পোস্ট পূর্ণিমার

বিশ্ব চলচ্চিত্রে বড় বাজেটের সিনেমার প্রসঙ্গ টেনে শুভ বলেন, বাংলাদেশের চলচ্চিত্রে ভিন্নমাত্রার কাজ হওয়াটাই আনন্দের বিষয়। তিনি বলেন, “আমাদের দেশ থেকে এরকম একটা কাজ হয়েছে, এটাই অনেক আনন্দের। আমি সেটার লিড ক্যারেক্টার করেছি। ভবিষ্যতে দেখা যাক কী হয়।”

তিনি আরও বলেন, “৪০০ কোটি, ৫০০ কোটি বা হাজার কোটি রুপির বাজেটের ছবির সঙ্গে তুলনা করলে, আমাদের দর্শক যদি দেশের বাইরের ভিন্ন ধারার বা ভিন্ন দেশের সিনেমার কিছুটা ফ্লেভার পায়, তাতে ক্ষতি কী?”

আরও পড়ুন: চারবার স্ট্রোকের পর সংগীতকে বিদায় জানিয়ে নিভৃতে দিন কাটছে রিংকুর

দর্শকদের ভালোবাসাকেই নিজের কাজের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন আরিফিন শুভ। তার ভাষায়, “তারা আনন্দ পেলেই তাদের আনন্দটাই সবকিছু।”

সিনেমাটি এখনও সফলভাবে প্রেক্ষাগৃহে চলছে উল্লেখ করে দর্শকদের হলে গিয়ে ‘মালিক’ উপভোগ করার আহ্বান জানান এই অভিনেতা। তিনি বলেন, “যারা এখনো দেখেননি, তারা অবশ্যই হলে এসে যদি আনন্দ করতে চান, আনন্দ-উল্লাস করতে চান, তালি মারতে চান, সিটি বাজাতে চান, তাহলে ‘মালিক’ দেখবেন।”

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া ‘মালিক’ সিনেমায় আরিফিন শুভর সঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।