চলচ্চিত্র শিল্পী সমিতি

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

Sadek Ali
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ১২:৫০ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন অভিনেতা শিবা শানু। একই নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী।

শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে দিনব্যাপী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে ব্যালট গণনা সম্পন্ন করে শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে নতুন ক্রিকেট স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপুর নেতৃত্বে নির্বাচন পরিচালিত হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সমিতির মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে শুক্রবার সন্ধ্যায় ব্যালট বাক্স সিলগালা করা হয় এবং গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।

চূড়ান্ত ফলাফলে সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অভিনেতা ও ফাইট ডিরেক্টর আরমান পান ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পান ১৭৯ ভোট।

আরও পড়ুন: চারবার বিচ্ছেদের পর ব্রেকআপ নিয়ে জেনিফারের ভিন্ন বার্তা

এবারের নির্বাচনকে ঘিরে কয়েক সপ্তাহ ধরেই বিএফডিসি প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল অংশ নেয়—আরমান–মুক্তি পরিষদ এবং শিবা শানু–জয় চৌধুরী পরিষদ। প্রচারণা, ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন নির্বাচনী কার্যক্রমে মুখর ছিল চলচ্চিত্রাঙ্গন।