ভারতে শিক্ষার্থী আন্দোলন নিয়ে মুখ খুললেন সালমান খান

Any Akter
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ৪:১৭ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন ক্রমেই তীব্র হচ্ছে। এমন পরিস্থিতিতে আন্দোলন নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। তিনি আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানিয়ে বলেছেন, এটি মূলত শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার একটি বিষয়।

হিন্দুস্তান টাইমস–এর এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সালমান খান আন্দোলনকে রাজনৈতিকভাবে ‘হাইজ্যাক’ না করার আহ্বান জানান।

আরও পড়ুন: দিল্লির শিক্ষার্থী আন্দোলনে মুখ খুললেন একাধিক তারকা

ইনস্টাগ্রামে নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, “প্রশ্নপত্র ফাঁস একটি অত্যন্ত গুরুতর বিষয়। এটি সম্পূর্ণভাবে শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার মধ্যকার একটি সমস্যা। তাই একে রাজনৈতিক রূপ দেওয়া উচিত নয়।”

তিনি আরও বলেন, চলমান আন্দোলনের কৃতিত্ব শিক্ষার্থীদেরই প্রাপ্য। তাদের দাবি ও উদ্বেগকে গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং এ আন্দোলনকে অন্য কোনো স্বার্থে ব্যবহার করা উচিত নয়।

আরও পড়ুন: বরবাদ’-এর পর আবারও ফিরছে সেই সফল জুটি!

সালমান খানের ভাষ্য, দেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন ও শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার জন্য শিক্ষার্থীরা প্রশংসার দাবিদার।

তিনি সতর্ক করে বলেন, আন্দোলনের মূল উদ্দেশ্য যেন কোনোভাবেই রাজনৈতিক স্বার্থের কারণে আড়াল না হয়ে যায়। প্রশ্নপত্র ফাঁসের মতো সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে বিভাজন সৃষ্টি বা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি

বলিউড তারকার মতে, এ সংকটের সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, সরকার শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

ভারতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে ঘিরে চলমান আন্দোলন ইতোমধ্যে দেশটির বিভিন্ন অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও এ বিষয়ে নিজেদের অবস্থান জানাতে শুরু করেছেন।