১১ বছর পর রোম্যান্টিক আবহে দেব-শুভশ্রী, পোস্টারে মুগ্ধ ভক্তরা

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:৫১ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও জুটি বাঁধছেন কলকাতার জনপ্রিয় তারকা দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘দেশু’ জুটি হিসেবে দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয় এই দুই তারকা ফিরছেন নতুন সিনেমা ‘দেশু ৭’ নিয়ে। সিনেমাটি পরিচালনাও করছেন দেব নিজেই।

শনিবার প্রকাশিত হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার। পোস্টারে পুরোনো দিনের রোম্যান্টিক আমেজে দেখা গেছে দেব ও শুভশ্রীকে। পাহাড়ের ওপর বাইক নিয়ে বসে আছেন দেব। আর বিপরীত দিক থেকে তাকে জড়িয়ে বসে আছেন শুভশ্রী। তাঁদের এই প্রেমময় মুহূর্ত ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।দেবের ফেসবুক পেজে পোস্টার প্রকাশের পর প্রায় ৬০ হাজার প্রতিক্রিয়া এবং কয়েক হাজার মন্তব্য জমা পড়েছে।

আরও পড়ুন: সম্পর্ক নিয়ে আবেগঘন বার্তা দিলেন প্রভা

পোস্টার প্রকাশের সঙ্গে দেওয়া ক্যাপশনে লেখা হয়েছে, ‘যতই আসুক না বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা। ভালোবাসা তাদের চোখে, আগুন তাদের রক্তে। প্রেম, অ্যাকশনের নতুন এক অধ্যায়ের জন্য সবাই প্রস্তুত হও।’

দেব-শুভশ্রীর এই পুনর্মিলনে শুধু ভক্তরাই নন, তাঁদের বর্তমান সঙ্গীরাও শুভেচ্ছা জানিয়েছেন। দেবের প্রেমিকা অভিনেত্রী রুক্মিণী মৈত্র এবং শুভশ্রীর স্বামী ও নির্মাতা রাজ চক্রবর্তীও সিনেমাটির জন্য শুভকামনা জানিয়েছেন।

আরও পড়ুন: প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা

দেব ও শুভশ্রী সর্বশেষ নতুন করে একসঙ্গে অভিনয় করছেন প্রায় ১১ বছর পর। যদিও গত বছর তাঁদের অভিনীত ‘ধূমকেতু’ মুক্তি পেয়েছিল, সিনেমাটির শুটিং হয়েছিল ২০১৫ সালে। তাই ‘দেশু ৭’ সিনেমাটিকেই দীর্ঘ বিরতির পর তাঁদের নতুন জুটি হিসেবে দেখছেন দর্শকরা। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি বিশেষত্ব—এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পরিচালকের আসনে বসেছেন দেব।

প্রেম ও অ্যাকশনের মিশেলে তৈরি সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘দেশু ৭’-এর।