গ্রামীণ ব্যাংকে ধারাবাহিক অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ইউনূসের
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব হামলা বন্ধ এবং জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৩ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির নেতাদের সংলাপ, ফ্যাসিস্টের ঐক্যবদ্ধভাবে মোকাবিলার প্রতিশ্রুতি
বিবৃতিতে নিজের চট্টগ্রামের বাড়িতে হামলার প্রসঙ্গও তুলে ধরেন মুহাম্মদ ইউনূস। তিনি জানান, ওই বাড়ি থেকেই তাঁর কাজের সূচনা হয়েছিল, যা পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। বর্তমানে তাঁর দুই ছোট ভাই তাঁদের পরিবার নিয়ে সেখানে বসবাস করেন।
গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক হামলাকে উদ্বেগজনক ও মর্মান্তিক উল্লেখ করে তিনি বলেন, দরিদ্র মানুষের, বিশেষ করে দরিদ্র নারীদের মালিকানাধীন এই ব্যাংক বিশ্বব্যাপী স্বীকৃত। ২০ বছর আগে প্রতিষ্ঠানটি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়। চলতি বছর দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপন করা হচ্ছে।
আরও পড়ুন: নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন
অধ্যাপক ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেল বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। দারিদ্র্য থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরিতে এই মডেল আন্তর্জাতিকভাবে সমাদৃত। ব্যাংকটি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, মর্যাদাপূর্ণ জীবনযাপন এবং সন্তানদের শিক্ষিত করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশ নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। ঋণগ্রহীতারাই ব্যাংকটির মালিক। ফলে ব্যাংকটির ওপর হামলা তাঁদের নিরাপত্তা, স্বাধীনতা ও সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে অভিযোগ করা হয়, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলার ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
হামলার ধরন দেখে এসব ঘটনার পেছনে ওপরের মহলের নির্দেশনা থাকতে পারে বলে মনে করছেন অধ্যাপক ইউনূস। তাঁর ভাষ্য, দরিদ্র নারীদের ব্যবসা পরিচালনায় সহায়তা করা এবং তাঁদের লভ্যাংশ দেওয়ার সঙ্গে যুক্ত ব্যাংকটির ওপর হামলা চালাতে কিছু মানুষকে ব্যবহার করা হচ্ছে।
তিনি আরও জানান, কয়েকটি ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এসব ঘটনায় লাখ লাখ গ্রামীণ নারীর দৈনন্দিন জীবনে আতঙ্ক তৈরি হয়েছে। তাঁদের কাছে ব্যাংকটি পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা ও অন্যান্য প্রয়োজন মেটানোর গুরুত্বপূর্ণ অবলম্বন।
বিবৃতিতে বলা হয়, সহিংসতার ঘটনা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ নয়। একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে ছড়ানো প্রচারণার বিষয়ে অধ্যাপক ইউনূস বলেন, হামলাকারীরা দাবি করছে, ব্যাংকটির মালিক তিনি এবং তিনিই এটি পরিচালনা করেন। তবে বাস্তবে ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার।
তিনি জানান, ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। এমনকি ব্যাংকটির কোনো শেয়ারের মালিকও তিনি নন।
বিবৃতিতে অধ্যাপক ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংক তার ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে। দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির সেবা নির্বিঘ্ন রাখতে এই নিরাপত্তা প্রয়োজন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যেখানে হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছেন। একই সঙ্গে প্রতিটি অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।
বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদের প্রতিও আহ্বান জানিয়েছেন অধ্যাপক ইউনূস। তাঁর মতে, সর্বোচ্চ পর্যায়ে যারা এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করছে, তাদের শুভবুদ্ধি ফিরিয়ে আনতে আন্তর্জাতিক পর্যায় থেকেও ভূমিকা রাখা প্রয়োজন।
বিবৃতির শেষাংশে তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়; এটি দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলা এবং কোটি মানুষের জীবনকে মর্যাদাপূর্ণ করার বৈশ্বিক প্রচেষ্টার ওপরও আঘাত। দরিদ্র নারীদের ব্যাংক হিসেবে গ্রামীণ ব্যাংককে রক্ষায় সবাইকে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
বিবৃতিদাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।





