অগ্রিম টিকিটেই ঝড়, ৪ লাখ ৭৩ হাজার ছাড়াল যশের ‘টক্সিক’

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ৫:৪৮ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরছেন ভারতের কন্নড় সিনেমার জনপ্রিয় তারকা যশ। ‘কেজিএফ’ সিরিজের ব্যাপক সাফল্যের পর এবার গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে সাড়া ফেলেছে সিনেমাটি। শুক্রবার থেকে শুরু হয়েছে ‘টক্সিক’-এর অগ্রিম টিকিট বিক্রি। দুই দিনেরও কম সময়ে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রির সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ছাড়িয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শুধু ভারতেই প্রথম দিনের অগ্রিম বুকিং থেকে এখন পর্যন্ত আয় ২৭ কোটি রুপি ছাড়িয়েছে। তবে এই হিসাবের মধ্যে এমন কিছু ‘ব্লক সিট’ও রয়েছে, যেগুলো সাধারণ দর্শকদের জন্য বুকিংয়ের জন্য উন্মুক্ত থাকে না। এসব আসন বাদ দিলে অগ্রিম বুকিংয়ের পরিমাণ ১৮ কোটি রুপি ছাড়িয়েছে।

আরও পড়ুন: আবারও মা হচ্ছেন কারিনা কাপুর? যে কারণে ছড়াল গুঞ্জন

যশের নিজ রাজ্য কর্ণাটকে সিনেমাটির টিকিট বিক্রি সবচেয়ে বেশি। সেখানে অগ্রিম বুকিং থেকে আয় হয়েছে ১৪ কোটি রুপির বেশি। এরপর রয়েছে মহারাষ্ট্র, যেখানে প্রায় আড়াই কোটি রুপির অগ্রিম বুকিং হয়েছে।

ভারতের বাইরেও ‘টক্সিক’ নিয়ে দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে কয়েক দিন আগেই শুরু হয়েছে অগ্রিম বুকিং। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় ১০ কোটি রুপির সমপরিমাণ অগ্রিম টিকিট বিক্রি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ‘আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভাবো’: স্পর্শিয়া

অগ্রিম বুকিংয়ের এই গতি অব্যাহত থাকলে মুক্তির প্রথম দিনেই ‘টক্সিক’ বড় ধরনের ব্যবসা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনকি সিনেমাটি যশ অভিনীত আগের ব্লকবাস্টার ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর প্রথম দিনের বিশ্বব্যাপী আয়ের রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে বলে আলোচনা শুরু হয়েছে। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ প্রথম দিনে বিশ্বব্যাপী ১৬৪ কোটি রুপি আয় করেছিল।

‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, রুক্মিণী বসন্ত, হুমা কুরেশি, তারা সুতারিয়া, অক্ষয় ওবেরয় ও সুদেব নায়ার।