রুনা লায়লার অসুস্থতা নিয়ে গুজব, যা বললেন মেয়ে
সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎই ছড়িয়ে পড়েছে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার অসুস্থতা ও মৃত্যুর গুজব। এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে ছড়ানো হচ্ছে এসব বিভ্রান্তিকর তথ্য। তবে ভক্তদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই—রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন বলে জানিয়েছেন তার একমাত্র কন্যা তানি লায়লা।
সম্প্রতি অনলাইনে বিভিন্ন পোস্ট ও ভিডিওতে দাবি করা হয়, গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন রুনা লায়লা। বিষয়টি নজরে আসার পর ক্ষোভ প্রকাশ করেছে শিল্পীর পরিবার। তানি লায়লা জানিয়েছেন, তার মাকে নিয়ে ছড়িয়ে পড়া এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং এআই দিয়ে তৈরি ভুয়া কনটেন্টের মাধ্যমে গুজবটি ছড়ানো হচ্ছে।
আরও পড়ুন: বিশ বছর পর একসাথে অভিষেক-রানী
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তানি লেখেন, সামান্য অর্থ উপার্জনের আশায় এ ধরনের পোস্ট, এআই দিয়ে তৈরি ইউটিউব ভিডিও এবং ভুয়া খবর ছড়ানোর ঘটনা তাকে অত্যন্ত বিরক্ত ও হতাশ করেছে। এসব কনটেন্টের বিরুদ্ধে তিনি নিজেই রিপোর্ট করা শুরু করবেন বলেও জানান।
তানি আরও বলেন, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি ও প্রচার করছে, তাদের বিরুদ্ধে একে একে রিপোর্ট করবেন তিনি। যতক্ষণ না এসব অপপ্রচার বন্ধ হচ্ছে, ততক্ষণ এই উদ্যোগ চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন রুনা লায়লার মেয়ে।
আরও পড়ুন: কানাডায় গায়কের গাড়ি লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি
মাকে নিয়ে এমন অপপ্রচারে আক্ষেপও প্রকাশ করেছেন তানি। তিনি বলেন, রুনা লায়লা তার জীবনের ছয়টি দশক সংগীতের পেছনে উৎসর্গ করেছেন। দীর্ঘ এই সংগীতজীবনের পরও তাকে ঘিরে এ ধরনের অসম্মানজনক ও মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, যা পরিবারের জন্য অত্যন্ত দুঃখজনক এবং অপমানের।
রুনা লায়লার শারীরিক অবস্থা নিয়ে সব ধরনের বিভ্রান্তি দূর করে তানি স্পষ্টভাবে জানান, তার মা সম্পূর্ণ সুস্থ এবং জীবিত আছেন। তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন কিংবা তার মৃত্যু হয়েছে—এমন কোনো তথ্যই সত্য নয়।
এআই প্রযুক্তির অপব্যবহারের বিষয়টিও সামনে এনেছেন তানি। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত অসুস্থতার ছবি ও ভিডিওগুলোর অনেকগুলোই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। তাই এসব কনটেন্ট দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
একই সঙ্গে গণমাধ্যমের প্রতিও সতর্ক থাকার অনুরোধ করেছেন তানি লায়লা। কোনো খবর প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, রুনা লায়লাকে নিয়ে এ ধরনের স্পর্শকাতর খবর প্রচারের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা প্রয়োজন।
অনুসারীদেরও ভুয়া খবর ছড়ানো পেজ ও চ্যানেলগুলোর বিরুদ্ধে রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন তানি। তার মতে, যাচাই না করে এ ধরনের কনটেন্ট ছড়িয়ে দিলে গুজব আরও দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।
বর্তমানে রুনা লায়লার বয়স ৭৪ বছর। বয়সের এই পর্যায়েও সংগীতচর্চা ও পরিবেশনায় সক্রিয় রয়েছেন উপমহাদেশের অন্যতম জনপ্রিয় এই শিল্পী। সম্প্রতি অস্ট্রেলিয়ার দুটি শহরে কনসার্টে গান পরিবেশন করেছেন তিনি। এর কিছুদিন আগে ঢাকাতেও সংগীত পরিবেশন করেন রুনা লায়লা। শিল্পকলা একাডেমির একটি আয়োজনেও গান গেয়েছেন এই কিংবদন্তি শিল্পী।
তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রুনা লায়লার অসুস্থতা কিংবা মৃত্যুর খবরকে ভিত্তিহীন গুজব হিসেবেই দেখার আহ্বান জানিয়েছে তার পরিবার।





