৮৪ বছর বয়সেও সঙ্গীত শেখার স্বপ্ন অমিতাভ বচ্চনের
বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের জীবনে অপূর্ণ থেকে গেছে একটি ইচ্ছা—সঙ্গীত শেখা। ৮৪ বছর বয়সে এসেও সেই আক্ষেপ তাঁকে তাড়িয়ে বেড়ায়। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৮-এর একটি পর্বে নিজের এই অপূর্ণতার কথা জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা।
অনুষ্ঠানে কনটেন্ট ক্রিয়েটর কৃতজ্ঞ তাঁকে ‘দিস অর দ্যাট’ খেলায় অংশ নিতে বলেন। একপর্যায়ে অমিতাভকে প্রশ্ন করা হয়, অতীতের কোনো একটি দিন আবার ফিরে পেতে চান, নাকি এমন কোনো দিনের অভিজ্ঞতা নিতে চান, যা আগে কখনো পাননি।
আরও পড়ুন: মা হওয়াটা আমাকে খুব অস্থির করে তুলেছে: নেহা ধুপিয়া
উত্তরে অমিতাভ জানান, তাঁর জীবনে এত স্মরণীয় ঘটনা ঘটেছে যে নির্দিষ্ট কোনো একটি দিন বেছে নেওয়া তাঁর জন্য কঠিন। এরপরই তিনি কথা বলেন সঙ্গীত শেখার দীর্ঘদিনের ইচ্ছা নিয়ে।
অমিতাভ বলেন, যারা সুন্দর করে গান গাইতে পারেন কিংবা সেতারের মতো বাদ্যযন্ত্র বাজাতে পারেন, তাঁদের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে। নিজেও সঙ্গীত শেখার ইচ্ছায় বাড়িতে বিভিন্ন বাদ্যযন্ত্র সংগ্রহ করে রেখেছিলেন তিনি। ভেবেছিলেন, একদিন সময় করে সেগুলো বাজানো শিখবেন। তবে সেই দিন আর আসেনি।
আরও পড়ুন: পার্থ শেখ-মালাইকার ‘প্রিয়জন’
অভিনেতার কথায়, “আমি সবসময় গান শিখতে চেয়েছি, কিন্তু কখনো শেখা হয়নি। কাউকে এত সুন্দর করে গান গাইতে বা সেতার বাজাতে দেখলে আমার একটু মন খারাপ হয়। ভাবি, ওরা এত ভালো পারে কীভাবে! অথচ আমি কিছুই শিখিনি।”
হাস্যরসের সুরে তিনি আরও জানান, একদিন সঙ্গীত শেখা হবে—এই আশায় বাড়িতে রাখা বাদ্যযন্ত্রগুলোতে মালাও পরিয়ে রেখেছিলেন। কিন্তু বয়স ৮৪ পেরিয়ে গেলেও সেই শেখা আর হয়ে ওঠেনি। বিষয়টি তাঁকে এখনও কষ্ট দেয়।
অমিতাভের এই স্বীকারোক্তিতে উঠে এসেছে তাঁর জীবনের আরেকটি মানবিক দিক—অসংখ্য সাফল্য ও অর্জনের পরও কিছু অপূর্ণ স্বপ্ন মানুষের মনে থেকে যায়। আর বয়স কখনো কখনো সেই অপূর্ণতার অনুভূতিকে আরও গভীর করে তোলে।
‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৮ সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে সোম থেকে শুক্রবার রাত ৯টায় প্রচারিত হচ্ছে।





