সম্পর্ক টিকিয়ে রাখার ‘ইনভেস্টমেন্ট’ নিয়ে যা জানালেন বর্ষা
একটি সম্পর্ক শুধু ভালোবাসার ওপর টিকে থাকে না—এর জন্য প্রয়োজন সময়, যত্ন, সম্মান ও আন্তরিকতা। আর সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে অর্থের চেয়েও গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে বলে মনে করেন ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সম্পর্কের এই ‘ইনভেস্টমেন্ট’ নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন তিনি।
দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন বর্ষা। গত বছর পারিবারিক কারণে কাজ থেকে বিরতি নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। এরপর নতুন কোনো সিনেমায় দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন: কেন এতটা আপন হয়ে উঠেছিল ‘মনপুরা’?
ব্যক্তিগত জীবনে চিত্রনায়ক অনন্ত জলিলের সঙ্গে বর্ষার দাম্পত্যের বয়স এক যুগেরও বেশি। ২০১১ সালে ভালোবেসে বিয়ে করা এই তারকা দম্পতির সংসারে রয়েছে দুই সন্তান। এবার নিজের সেই অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে সম্পর্কের স্থায়িত্ব নিয়ে নিজের মতামত জানিয়েছেন বর্ষা।
বর্ষা লিখেছেন, “যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আপনাকে সেই সম্পর্কে ইনভেস্ট করতে হবে। আর এই ইনভেস্টমেন্ট বলতে শুধু টাকা-পয়সা বোঝায় না।”
আরও পড়ুন: নতুন গান নিয়ে আশাবাদী ডলি সায়ন্তনী
জীবনযাপনের জন্য অর্থের প্রয়োজন থাকলেও সম্পর্ক টিকিয়ে রাখতে সবসময় অর্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয় বলে মনে করেন তিনি। বর্ষার মতে, সময় দেওয়া, ভালো ব্যবহার, যত্ন নেওয়া এবং পারিবারিকভাবে একজন মানুষকে জীবনের সঙ্গে যুক্ত করাই সম্পর্কের আসল বিনিয়োগ।
তিনি বলেন, “সম্পর্কের আসল ইনভেস্টমেন্ট হচ্ছে—আপনার সময়, আপনার ব্যবহার, আপনার যত্ন এবং পারিবারিকভাবে একজন মানুষকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নেওয়া।”
কোনো মানুষকে দীর্ঘদিন জীবনের অংশ করে রাখতে চাইলে তাকে পরিবার ও পারিবারিক বন্ধনের সঙ্গে যুক্ত করার পরামর্শও দিয়েছেন বর্ষা। তাঁর মতে, এতে শুধু দুজন মানুষের মধ্যে নয়, দুই পরিবারের মধ্যেও মায়া, সম্মান ও দায়বদ্ধতার সম্পর্ক তৈরি হয়।
বর্ষার ভাষায়, “আপনি যদি সত্যিই জানেন যে, এই মানুষটা আমার জীবনে সারাজীবন থাকবে অথবা আপনি তাকে আপনার জীবনে রাখতে চান, তাহলে তাকে আপনার পরিবার ও পারিবারিক বন্ধনের সঙ্গে যুক্ত করতে পারেন।”
এ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি আরও বলেন, সময়ের সঙ্গে একজন মানুষের সঙ্গে পরিবারের সামাজিকতা, সম্মান, মায়া ও আত্মিক সম্পর্ক তৈরি হলে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেই সম্পর্কগুলোর কথাও ভাবতে হয়। বর্ষার মতে, এটিই একটি সম্পর্কের বড় ‘ইনভেস্টমেন্ট’।
সবশেষে পছন্দের মানুষকে বাবা-মা ও পরিবারের বড়দের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী। তাঁর মতে, শুধু ভালোবাসা নয়—একটি সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে সময়, যত্ন, সম্মান, আন্তরিকতা এবং পারিবারিক বন্ধনেরও প্রয়োজন রয়েছে।





