ব্যাচেলর পয়েন্ট-এ এবার আ খ ম হাসান

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:৩৫ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ ঘিরে দর্শকদের আগ্রহ যেন প্রতিটি পর্বের সঙ্গে আরও বাড়ছে। পুরোনো চরিত্রদের প্রত্যাবর্তনের পাশাপাশি একের পর এক নতুন চরিত্রের আগমন গল্পে তৈরি করছে নতুন উত্তেজনা। নেহাল ও আরেফিনের পর এবার আলোচনায় যুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান। ভিন্নধর্মী লুকে ‘ইংলিশ লেবু’ চরিত্রে তার উপস্থিতি নতুন পর্বকে ঘিরে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে।

কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১২০তম পর্বে দেখা গেছে আ খ ম হাসানকে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ মুক্তি পেয়েছে পর্বটি। সেখানে অভিনেতাকে দেখা গেছে ‘ইংলিশ লেবু’ নামে একটি নতুন চরিত্রে।

আরও পড়ুন: আসছে দীপা খন্দকারের দুই ধারাবাহিক নাটক

নতুন পর্বের পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্রটি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। আ খ ম হাসানের নতুন লুক দর্শকদের মনে তৈরি করেছে বেশ কিছু প্রশ্ন। ‘ইংলিশ লেবু’ আসলে কে, কী উদ্দেশ্যে তার আগমন এবং কাবিলার সঙ্গে তার সম্পর্ক কী—এসব নিয়েই এখন চলছে জল্পনা।

১২০তম পর্বের প্রকাশিত বর্ণনা অনুযায়ী, এবার ব্যাচেলর ফ্ল্যাটে নতুন এক সংকটের সূচনা হয় একদল গ্যাংস্টারের আগমনের মধ্য দিয়ে। কাবিলাকে খুঁজতে তাদের লোকজন নিয়ে ফ্ল্যাটে হাজির হয় তারা। এতে স্বাভাবিকভাবেই বিপাকে পড়ে ফ্ল্যাটের বাসিন্দারা। এই পরিস্থিতির মধ্যেই গল্পে প্রবেশ করে আ খ ম হাসানের ‘ইংলিশ লেবু’ চরিত্র।

আরও পড়ুন: অস্কারে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বাংলাদেশের যে ৫ সিনেমা

তবে নতুন এই চরিত্র গল্পের গতিপথে ঠিক কী ধরনের পরিবর্তন আনবে, সেটি এখনো স্পষ্ট নয়। চরিত্রটির গুরুত্ব কতটা এবং পরবর্তী পর্বগুলোতেও আ খ ম হাসানকে দেখা যাবে কি না, সে বিষয়েও নির্মাতা বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ পুরোনো জনপ্রিয় চরিত্রগুলোর পাশাপাশি একাধিক নতুন চরিত্র যুক্ত হওয়ায় গল্পে প্রতিনিয়ত আসছে পরিবর্তন। প্রতিটি পর্বেই নতুন ঘটনা ও চমকের মাধ্যমে দর্শকদের আগ্রহ ধরে রাখছেন নির্মাতা কাজল আরেফিন অমি। আ খ ম হাসানের সংযোজনও সেই ধারাবাহিক চমকেরই নতুন সংযোজন বলে মনে করছেন দর্শকরা।

নতুন মৌসুমটিতে নিয়মিত চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, তৌসিফ, শামীম হাসান সরকার, পাভেল, ইশতিয়াক রোমেল ও জাফরুল আবেদিন। তাদের সঙ্গে রয়েছেন অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা প্রমুখ।