নতুন পেশায় যুক্ত হলেন হাসান মাসুদ
বাংলাদেশের টেলিভিশন নাটকে এমন কিছু মুখ আছে, যাদের দেখলেই আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না। পর্দায় উপস্থিত হওয়া মাত্রই দর্শক বুঝে যান—এই চরিত্রটি অন্যরকম কিছু হতে যাচ্ছে। হাসান মাসুদ তেমনই একজন অভিনেতা। অভিনয়ের প্রচলিত ছকে নিজেকে আটকে না রেখে নানা ধরনের চরিত্রে কাজ করে তিনি তৈরি করেছেন নিজের আলাদা একটি জায়গা।
অভিনয়ে আসার গল্পটিও তার অন্য অনেক সহকর্মীর মতো নয়। বিনোদন অঙ্গনে সরাসরি পা রাখার আগে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সংবাদমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা পরবর্তী সময়ে অভিনয়ের জগতে তার দৃষ্টিভঙ্গিকেও প্রভাবিত করেছে। মানুষের আচরণ, সমাজের নানা স্তর এবং চারপাশের চরিত্রগুলো কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন সাংবাদিক হিসেবে। সেই অভিজ্ঞতাই হয়তো অভিনয়ে চরিত্র পর্যবেক্ষণের ক্ষেত্রে তাকে বাড়তি সুবিধা দিয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না :তানজিন তিশা
অভিনয়ে হাসান মাসুদের সবচেয়ে বড় শক্তি তার স্বাভাবিক অভিনয়। তার অভিনয়জীবনে কমেডি, পারিবারিক গল্প, সামাজিক বাস্তবতা কিংবা নেতিবাচক চরিত্র—বিভিন্ন ধরনের ভূমিকায় দেখা গেছে তাকে। বিশেষ করে হাস্যরসাত্মক চরিত্রে তার উপস্থিতি দর্শকের কাছে আলাদা জনপ্রিয়তা পেয়েছে। তবে শুধু কমেডিয়ান হিসেবে তাকে দেখলে তার অভিনয় পরিসরকে ছোট করে দেখা হবে। সময়ের সঙ্গে তিনি প্রমাণ করেছেন, গল্প ও চরিত্রের প্রয়োজন অনুযায়ী নিজেকে বদলে নিতে পারেন এই অভিনেতা।
টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন হাসান মাসুদ। বড় পর্দায় তার উপস্থিতিও দর্শকের নজর কেড়েছে। তবে যে মাধ্যমই হোক, চরিত্রের প্রতি তার মনোযোগ বরাবরই তাকে আলাদা করে তুলেছে। নায়ক হওয়ার দৌড়ে না গিয়ে চরিত্রাভিনেতা হিসেবেই নিজের শক্ত জায়গা তৈরি করেছেন তিনি।
আরও পড়ুন: প্রযোজক সেলিম খান ও তার ছেলের লাশ উত্তোলনের নির্দেশ
তবে, সম্প্রতি এক সংবাদ মাধ্যমে বলেছিলেন, আপাতত অভিনয় করবেন না, হজ করে এসে ধর্মের পথেই মনোযোগী হবেন। যখন এ নিয়ে আলোচনা বাড়তে থাকে, তখন বিষয়টা স্পষ্ট করেন অভিনেতা। জানিয়েছিলেন, চিরতরে অভিনয় থেকে সরে যাওয়ার কথা তিনি বলেননি, ভালো কনটেন্ট পান না দেখে কাজ করেন না।
এরই মধ্যে খবর এলো, একটি কর্পোরেট প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন হাসান মাসুদ। খবরটি ছড়িয়ে পড়তেই তার ভক্তদের মাঝে উদ্বেগ, তবে কি অভিনয় ছাড়ছেন অভিনেতা!
হাসান মাসুদের সেই নতুন কর্মস্থল একটি এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান। সেখানে বিদেশে উচ্চশিক্ষার জন্য আগ্রহী শিক্ষার্থীদের জন্য কাজ করা হয়। প্রতিষ্ঠানটির ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ পদে যোগ দিয়েছেন তিনি। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির বেশ কিছু প্রোমোতে তাকে ব্র্যান্ডিং করতে দেখা গেছে।
উল্লেখ্য যে, ২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ দিয়ে চলচ্চিত্রে আসেন তিনি। এরপর নাটকেও নিয়মিত মুখ হয়ে ওঠেন। তার অভিনীত জনপ্রিয় কিছু নাটকের মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’, ‘খুনসুটি’ ইত্যাদি। গানও করেছেন তিনি। ২০০৬ সালে তার গানের অ্যালবামও প্রকাশিত হয়েছিল।





