প্রযোজক সেলিম খান ও তার ছেলের লাশ উত্তোলনের নির্দেশ
গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। মরদেহ উত্তোলনের পর ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ। তিনি জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য চাঁদপুর জেলা প্রশাসনের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের অনুমতি চাওয়া হয়েছে। অনুমোদন পাওয়ার পর মরদেহ উত্তোলনের সময় নির্ধারণ করা হবে।
আরও পড়ুন: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না :তানজিন তিশা
পুলিশ কর্মকর্তা ফয়েজ আহমেদ বলেন, সেলিম খান ও তার ছেলে শান্ত খানের মৃত্যুর প্রকৃত কারণ এবং সংশ্লিষ্ট মামলার তদন্তে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্যই মরদেহ উত্তোলনের পর ময়নাতদন্ত করা হবে।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর সেলিম খান ও তার ছেলে শান্ত খান নিজ এলাকা থেকে পালানোর চেষ্টা করেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। পথে বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজার এলাকায় তারা জনরোষের মুখে পড়েন।
আরও পড়ুন: নতুন পেশায় যুক্ত হলেন হাসান মাসুদ
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেলিম খান নিজের আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন বলে জানা যায়। পরে তারা পার্শ্ববর্তী বাঘড়া বাজার এলাকায় গেলে আবারও জনতার মুখোমুখি হন। সেখানে গণপিটুনিতে ঘটনাস্থলেই সেলিম খান ও তার ছেলে শান্ত খানের মৃত্যু হয়।
সেলিম খানকে ঘিরে এর আগে নানা অভিযোগও ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর নৌ-সীমানায় বিপুলসংখ্যক ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব অভিযোগে তিনি কারাগারেও ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাও চলমান রয়েছে।





