'বোহেমিয়ান সত্তাটা আমার ভেতরেই আছে' স্টার স্টোরিজ-এ অর্ষা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:০৫ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। স্বতন্ত্র অভিনয়শৈলী ও স্পষ্টভাষী ব্যক্তিত্বের কারণে দর্শকের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছেন এই অভিনেত্রী। অভিনয়ের বাইরে ব্যক্তিজীবন, সংসার, বোহেমিয়ান সত্তা এবং প্রিয় অভিনেত্রী অপি করিমকে নিয়েও সম্প্রতি খোলামেলা কথা বলেছেন অর্ষা।

পান্থ আফজালের উপস্থাপনায় ‘স্টার স্টোরিজ’-এ নিজের বর্তমান ব্যস্ততা ও ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। নতুন বেশ কিছু কাজে যুক্ত হওয়ার কথা জানালেও সেগুলোর বিস্তারিত প্রকাশ করতে নারাজ অর্ষা। মজা করে তিনি বলেন, এসব কাজের বিষয়ে এখনই কিছু বলা যাবে না, কারণ ‘মানা আছে’।

আরও পড়ুন: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না :তানজিন তিশা

অর্ষার সংসারজীবনের বয়স প্রায় দুই বছর। কাজ ও সংসার—দুই দিক সামলে কেমন আছেন জানতে চাইলে অভিনেত্রী বলেন, সংসার খুবই জটিল একটি বিষয়। সব সময় ভালো কিংবা খারাপ—কোনোটাই একভাবে চলে না। নানা পরিস্থিতি ও বাস্তবতার মধ্য দিয়ে দুজনকে এগিয়ে যেতে হয়। তবে এখন পর্যন্ত তারা ভালো আছেন বলেই জানান তিনি।

সুখী থাকার বিষয়টিকেও অর্ষা দেখেন কিছুটা ভিন্নভাবে। তার ভাষায়, ব্যক্তিজীবনেও অনেক সময় ‘অভিনয়’ করতে হয়। কারণ কোনো মানুষই সবসময় শতভাগ সুখী থাকতে পারেন না। সম্পর্ক ও পরিস্থিতি সামলাতে কখনো কখনো নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করে ভূমিকা পালন করতে হয়। অর্ষার নিজের জীবনেও সুখ ও অসুখ—দুই ধরনের সময়ই আসে বলে জানান তিনি।

আরও পড়ুন: নতুন পেশায় যুক্ত হলেন হাসান মাসুদ

নিজেকে এখনও বোহেমিয়ান মনে করেন অর্ষা। তবে একই সঙ্গে জীবনকে আরও গোছানোর চেষ্টা করছেন বলেও জানান। তার মতে, বোহেমিয়ান সত্তাটি তার ভেতরের গভীরে রয়েছে। মাঝে মাঝে সবকিছু ছেড়ে দূরে কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে তার। সুযোগ পেলেই পাহাড় কিংবা সমুদ্রের সৌন্দর্যে ডুবে থাকার চেষ্টা করেন এই অভিনেত্রী।

মিডিয়ায় অর্ষার পথচলার শুরুটাও ছিল কিছুটা ভিন্ন। ছোটবেলা থেকেই ছবি আঁকা ও ভ্রমণের প্রতি আগ্রহ ছিল তার। পাশাপাশি অল্প বয়স থেকেই নিজের পায়ে দাঁড়ানোর চিন্তা করতেন। সে কারণেই এমন একটি পেশার সন্ধান করছিলেন, যেখানে দীর্ঘ একাডেমিক যোগ্যতার বাধ্যবাধকতা নেই।

সেই খোঁজ থেকেই মডেলিং ও অভিনয়ের জগতে আসার পথ তৈরি হয় তার। ছোট বোনের গান শেখার সূত্রে একসময় মডেল ও অভিনেত্রী সারিকার সঙ্গে পরিচয় হয় অর্ষার। মডেলিং ও অভিনয়ে শিক্ষাগত যোগ্যতা কতটা প্রয়োজন—সারিকার কাছে জানতে চেয়েছিলেন তিনি। সেখান থেকেই গ্লুমিং স্কুলসহ বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারেন এবং শুরু করেন নিজের পথচলা।

সাক্ষাৎকারে প্রিয় তারকা অপি করিমের প্রসঙ্গও আসে। অর্ষার কাছে অপি করিম শুধু একজন দক্ষ অভিনেত্রী নন, একজন অনুপ্রেরণাদায়ী মানুষও। অপি করিমের জীবনবোধ, সরলতা ও মাটির কাছাকাছি থাকার বিষয়গুলো নিজের জীবনের সঙ্গে অনেকটা মিলে যায় বলে মনে করেন তিনি।

অর্ষার ভাষায়, অপি করিম অসাধারণ একজন পারফর্মার এবং তার কাছ থেকে শেখার অনেক কিছু রয়েছে। মঞ্চ থেকে শুরু করে উপন্যাসনির্ভর কাজ—বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেও তার মধ্যে কোনো বাড়াবাড়ি নেই। বরং তাকে দেখলে খুব আপন মনে হয়। অর্ষার মতে, অপি করিম যতটা ভালো পারফর্মার, তার চেয়েও বেশি ভালো একজন মানুষ।

নাজিয়া হক অর্ষার ব্যক্তিজীবন, অভিনয়জীবন ও ভাবনার আরও নানা দিক উঠে এসেছে ‘স্টার স্টোরিজ’-এর এই বিশেষ সাক্ষাৎকারে। পান্থ আফজালের উপস্থাপনায় অনুষ্ঠানটির পূর্ণাঙ্গ পর্ব প্রচার হবে আগামী বৃহস্পতিবার রাত ৮টায় ‘আগামীর সময় এন্টারটেইনমেন্ট’ পেজ ও ইউটিউব চ্যানেলে।