‘দ্য ভ্যান’ থেকে ‘ইয়ে প্রেম মোল লিয়া’, বলিউডে ছটপূজার নতুন উপস্থিতি

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৮:৫৫ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউডের আসন্ন দুই সিনেমা—সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না অভিনীত ‘দ্য ভ্যান’ এবং আয়ুষ্মান খুরানা ও শর্বরী অভিনীত ‘ইয়ে প্রেম মোল লিয়া’—এ গুরুত্ব পেয়েছে বিহারের ঐতিহ্যবাহী উৎসব ছটপূজা। একটি সিনেমার প্রচারণায় ছটপূজাকে কেন্দ্র করে গানও প্রকাশিত হয়েছে, অন্যটির ট্রেলারে দেখা গেছে প্রধান দুই চরিত্রকে ছটের আচার পালন করতে।

‘দ্য ভ্যান’-এর ‘ছঠী মাইয়া’ গানে তামান্নাকে লাল শাড়িতে ছটপূজার আচার পালন করতে দেখা যায়। গানের দৃশ্যে পূজার সময় তিনি পানিতে পড়ে গেলে সিদ্ধার্থের চরিত্র তাকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে ‘ইয়ে প্রেম মোল লিয়া’-এর ট্রেলারেও আয়ুষ্মান ও শর্বরীকে ছটপূজার আচার পালন করতে দেখা গেছে।

আরও পড়ুন: আদালতে তানজিন তিশা: ‘ন্যায়বিচার নিয়েই আমি এখান থেকে যাব’

দুই সিনেমায় একই সময়ে ছটপূজার উপস্থিতি বলিউডে এই উৎসবের ক্রমবর্ধমান গুরুত্ব নিয়ে আলোচনা তৈরি করেছে। সাংস্কৃতিক বিশ্লেষকদের মতে, এর পেছনে একাধিক কারণ থাকতে পারে।

পাটনার সাংস্কৃতিক কর্মী অনিশ অঙ্কুরের মতে, ছটপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বিহারি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ভারতের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বিদেশেও বড় বিহারি জনগোষ্ঠী রয়েছে। ফলে হিন্দি সিনেমায় ছটপূজার উপস্থিতি এই দর্শকগোষ্ঠীর সঙ্গে সংযোগ তৈরির একটি মাধ্যম হতে পারে।

আরও পড়ুন: প্রথম সন্তানের বাবা-মা হলেন ডিলান স্প্রাউস ও বারবারা পালভিন

তার মতে, বিহারি ও উত্তর ভারতীয় সংস্কৃতিকে কেন্দ্র করে স্থানীয় বা ‘হাইপার-লোকাল’ গল্প বলার প্রবণতাও সাম্প্রতিক সময়ে বাড়ছে। পাশাপাশি আঞ্চলিক চলচ্চিত্র, বিশেষ করে ভোজপুরি সিনেমার নিজস্ব দর্শক ও বাজার তৈরি হওয়ায় হিন্দি সিনেমাতেও স্থানীয় সংস্কৃতির প্রতি আগ্রহ বেড়েছে।

তবে ছটপূজার ব্যবহার শুধু গল্পের প্রয়োজনে, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে—সে প্রশ্নও তুলেছেন সাংস্কৃতিক বিশ্লেষকরা। আরটিই ফোরাম, বিহারের কনভেনর ড. অনিল কুমার রায়ের মতে, সিনেমায় ছটপূজা কীভাবে এবং কেন ব্যবহার করা হচ্ছে, সেটিই মূল বিষয়। গল্প ও চরিত্রের সঙ্গে এর স্বাভাবিক সম্পর্ক রয়েছে, নাকি শুধুই ধর্মীয় আবহ তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে—তা সিনেমা দেখার পরই স্পষ্ট হবে।

অন্যদিকে ‘দ্য ভ্যান’-এর লেখক ও প্রযোজক অরুণাভ কুমার ছটপূজাকে দেখছেন ভারতীয় সংস্কৃতির আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক দিকের সমন্বয় হিসেবে। বিহারের বাসিন্দা অরুণাভের ভাষ্য, ছটপূজায় অস্তগামী ও উদীয়মান—দুই সূর্যেরই উপাসনা করা হয়। এই বৈশিষ্ট্যই তাকে উৎসবটি নিয়ে গল্প বলতে অনুপ্রাণিত করেছে।

ছটপূজাকে কেন্দ্র করে নির্মিত ‘দ্য ভ্যান’-এর প্রচারণায়ও উৎসবটির আবহকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তামান্নার ভাষায়, ছটপূজা মূলত কৃতজ্ঞতার প্রতীক; সেই অনুভূতিকেই গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

সব মিলিয়ে ধর্মীয় আবহ, আঞ্চলিক সংস্কৃতি, নতুন দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছানো এবং গল্প বলার নতুন প্রবণতা—বিভিন্ন কারণেই সাম্প্রতিক বলিউডে ছটপূজা জায়গা করে নিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ‘দ্য ভ্যান’ ও ‘ইয়ে প্রেম মোল লিয়া’ মুক্তির পর সিনেমার গল্পে এই উৎসবের ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটিই এখন দেখার বিষয়।