পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসার কথা ছিল ইউরেনিয়াম জ্বালানির একটি চালান। তবে নির্ধারিত ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় সেটি সময়মতো বাংলাদেশে পৌঁছাতে পারেনি। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
এ ঘটনায় পাকিস্তান হাইকমিশনের কাছে প্রকাশ্যে ব্যাখ্যা চেয়েছেন চিত্রনায়ক সোহেল রানা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি পাকিস্তান হাইকমিশনের উদ্দেশে রূপপুরের ইউরেনিয়াম বহনকারী ফ্লাইটকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার বিষয়টির সত্যতা জানতে চান।
আরও পড়ুন: আদালতে তানজিন তিশা: ‘ন্যায়বিচার নিয়েই আমি এখান থেকে যাব’
পোস্টে সোহেল রানা লেখেন, ‘পাকিস্তান হাইকমিশন, সত্যিকারভাবে জানতে চাই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য যে ইউরেনিয়াম নিয়ে রাশিয়ান প্লেন আসার কথা ছিল, তাকে নাকি আপনারা পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করার জন্য অনুমতি দেননি। কথার সত্যতা জানাবেন।’ এরপর তিনি আরও লেখেন, ‘পাস কাটিয়ে গেলে আমাদের উত্তর খুব সুখবর হবে না।’
এদিকে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, সংশ্লিষ্ট বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে ফ্লাইটটি পরিচালনা করা সম্ভব হয়নি। তবে পাকিস্তান কেন অনুমতি দেয়নি, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো কারণ জানা যায়নি।
আরও পড়ুন: প্রথম সন্তানের বাবা-মা হলেন ডিলান স্প্রাউস ও বারবারা পালভিন
জানা গেছে, ইউরেনিয়ামের চালানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। পরবর্তীতে রাশিয়া অক্টোবরের প্রথম সপ্তাহে নতুন করে চালান পাঠানোর তারিখ প্রস্তাব করেছে।
ইউরেনিয়াম জ্বালানি সরবরাহে এই বিলম্বের কারণ ও নতুন চালানের সময়সূচি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর রয়েছে।





