বিদায় নিচ্ছে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ’
টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিচ্ছে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ’। দীর্ঘ ২২ বছরের ঝলমলে ও সফল যাত্রার ইতি টানতে যাচ্ছেন । বুধবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন বলিউড প্রযোজক ও পরিচালক করণ জোহর। তিনি বলেন, শোটির আসন্ন নবম সিজনই হতে যাচ্ছে শেষ সিজন।
তিনি বলেন, ‘কিছু সফর নির্দিষ্ট কোনো পরিকল্পনা মেনে শেষ করতে হয় না। বরং একটা সময় আসে, যখন মনের গভীর থেকেই অনুভব করা যায়—বিদায় জানানোর এটাই বুঝি সবচেয়ে উপযুক্ত মুহূর্ত। ‘আলবিদা’ বলা সবসময়ই আবেগের, কিছুটা ভারীও। কিন্তু আমার মনে হচ্ছে, এবার সত্যিই সেই সময়টা এসে গেছে।’
আরও পড়ুন: শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন
করণ জোহরের কথায়, ‘এই শেষ মৌসুমে আমার একটাই ইচ্ছে—অন্তরের সবটুকু কৃতজ্ঞতা, ভালোবাসা আর স্মৃতি সঙ্গে নিয়ে শেষবারের মতো তাদের সঙ্গেই কফির কাপটা তুলে ধরা, যাদের ভালোবাসা ও উপস্থিতিতে ‘কফি উইথ করণ’ আজকের এই অনন্য উচ্চতায় পৌঁছেছে।’
বিদায়ের এই আবেগঘন মুহূর্তে পুরোনো দিনের স্মৃতির পাতাও উল্টে দেখেছেন করণ জোহর। ফিরে গেছেন ২০০৪ সালে, যখন তার বাবা যশ জোহরের কাছে প্রথমবারের মতো এই টক শো আয়োজনের ভাবনা প্রকাশ করেছিলেন তিনি। পরিকল্পনাটা ছিল বেশ সহজ—দুজন তারকাকে মুখোমুখি বসিয়ে জমিয়ে আড্ডা, খোলামেলা গল্প আর অজানা কথার ডালি মেলে ধরা।
আরও পড়ুন: ছেলে পূণ্যকে নিয়ে সুইমিংপুলে পরীমণি, ভাইরাল মা-ছেলের ছবি
তবে ছেলের এমন ভাবনা শুনে যশ জোহর মজা করে হেসে প্রশ্ন করেছিলেন, বন্ধুদের ডেকে শুধু গল্প করলেই তার জন্য কে টাকা দেবে! বাবার সেই রসিক প্রশ্ন হয়তো সেদিন নিছকই মজার ছিল, কিন্তু সময়ের স্রোতে সেই ছোট্ট ভাবনাই একদিন রূপ নেয় ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ।
দর্শকদের জন্য শেষবারের মতো তারকাদের নিয়ে কফির আড্ডায় জমজমাট অধ্যায় সাজাচ্ছেন করণ। আগামী ১৪ অক্টোবর থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘জিও হটস্টার’-এ স্ট্রিমিং শুরু হবে ‘কফি উইথ করণ সিজন ৯’। ২০০৪ সালে পথচলা শুরু করা এই শোটি আটটি সিজনে সফলভাবে ১৬১টি পর্ব পার করেছে।





