‎কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে অভিযান, ১০ লাখ টাকা জরিমানা

Shahrier Islam Pallab
এম.এ. কিবরিয়া, ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:১৭ পূর্বাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনের আওতায় পরিচালিত বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারে (সামারি ট্রায়াল) ৩টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

‎‎শনিবার (২৬ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের বিশুদ্ধ খাদ্য আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন: নিকলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার, ২১ দিনের কারাদণ্ড

‎অভিযানে মারিয়া বিসিক শিল্প নগরীতে অবস্থিত এম এম খান ফুডস-কে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই ও দুগ্ধজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

‎এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মোড়কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে এশিয়া ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরী-কে ৩ লাখ টাকা এবং নোংরা পরিবেশে বনরুটিসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির দায়ে আজহার ফুড প্রডাক্টস অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি-কে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে আদালত।

আরও পড়ুন: ১৭ বছরের নিপীড়নের পরও দল আগলে রাখা নেতাকে শোকজ

অভিযান চলাকালে সুগন্ধা ফুড প্রডাক্টস, গাংচিল রেস্তোরাঁ, কাচ্চি ভাই, হোটেল খাওয়া দাওয়া, তাজ রেস্টুরেন্ট ও মাটির হাঁড়ি রেস্তোরাঁসহ বেশ কিছু খাদ্য প্রতিষ্ঠানে প্রাপ্ত অসংগতি দূর করতে নির্দেশনাসহ মৌখিকভাবে সতর্ক করা হয়।

অভিযানে কিশোরগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ এমরান এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আশরাফুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।

‎সার্বিক সহায়তায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ পুলিশ, র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের চৌকস দল।

‎