‘ভারতে শান্তি পাই না’ বিতর্কিত মন্তব্য নিয়ে সঞ্জয় দত্তের ব্যাখ্যা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:০০ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতে ‘শান্তি’ অনুভব করছেন না—টেলিভিশনের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করে আলোচনায় এসেছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। তবে নিজের বক্তব্য নিয়ে তৈরি হওয়া বিতর্কের পর এবার বিষয়টি স্পষ্ট করেছেন তিনি। অভিনেতার দাবি, তার মন্তব্যগুলো পূর্বলিখিত একটি কথোপকথনের অংশ ছিল এবং সেগুলো মূলত হাস্যরসের উদ্দেশ্যেই করা হয়েছিল। 

গান্ধী জয়ন্তী উপলক্ষে শেখর সুমনের টক শো ‘শেখর টোনাইট’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সঞ্জয় দত্ত। অনুষ্ঠানে ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, দেশের মানুষ অতিথিপরায়ণ ও উদার মনের। তবে বর্তমানে তিনি দেশে আগের মতো শান্তি অনুভব করেন না। পাশাপাশি আগের সেই পরিবেশ দ্রুত ফিরে আসার জন্য প্রার্থনা করার কথাও জানান অভিনেতা।

আরও পড়ুন: হঠাৎ বর-কনে বেশে অপু-আদর, যা জানা গেল

অনুষ্ঠানে নিজের জনপ্রিয় চরিত্র ‘মুন্না ভাই’-এর ঢঙেও বিভিন্ন রসিকতা করেন সঞ্জয়। গান্ধীজির তিন বানরের ধারণা প্রসঙ্গেও তিনি মজার ছলে     ‘চতুর্থ বানর’-এর কথা তুলে ধরেন। তার এই বক্তব্যের কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা আলোচনা ও বিতর্ক তৈরি হয়। 

এরপর নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে সঞ্জয় দত্ত বলেন, কোনো ব্যক্তি, সম্প্রদায় বা প্রতিষ্ঠানের অনুভূতিতে আঘাত, অপমান বা অসম্মান করা তার উদ্দেশ্য ছিল না। তার ভাষ্য অনুযায়ী, পুরো কথোপকথনই আগে থেকে লেখা ছিল এবং সেটির উদ্দেশ্য ছিল হালকা মেজাজ ও হাস্যরস তৈরি করা।

আরও পড়ুন: ঈদে আসছে ইকবালের ‘নসিব’

সঞ্জয় আরও জানান, তার বক্তব্যের ভাবনা ছিল ‘মুন্না ভাই’ সিনেমায় দেখা হাস্যরস ও ব্যঙ্গের ধাঁচের। বিশেষ করে ‘গান্ধীগিরি’র মাধ্যমে ভালোবাসা, উষ্ণতা, ঐক্য ও সদিচ্ছার যে বার্তা দেওয়া হয়েছিল, সেই ধরনের প্রেক্ষাপটেই কথাগুলো বলা হয়েছে বলে ব্যাখ্যা করেন তিনি। তবে অভিনেতার মতে, তার বক্তব্যের কিছু অংশ মূল প্রেক্ষাপটের বাইরে গিয়ে ব্যাখ্যা করা হয়েছে। এ কারণেই ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।

শেখর সুমন সঞ্চালিত ‘শেখর টোনাইট’ অনুষ্ঠানে সঞ্জয় দত্তের ওই মন্তব্য ও পরবর্তী ব্যাখ্যা নিয়ে এখন বলিউড ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।