ধারাবাহিক নাটকে হিমি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ক্যারিয়ার শুরুর দিকে কয়েকটি ধারাবাহিক নাটকে দেখা গেলেও এখন আর দেখা যায় না বললেই চলে। একক নাটক নিয়ে ব্যস্ত এই অভিনেত্রীকে আবার দেখা যাবে ধারাবাহিকে। জানা গেছে, তানভীর তন্ময় পরিচালিত ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিক নাটকে দেখা যাবে তাকে। ১২ অক্টোবর থেকে প্রতি সোম ও মঙ্গলবার এনএএফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ধারাবাহিকটির নতুন পর্ব।
ধারাবাহিকে ফেরা প্রসঙ্গে হিমি বলেন, ‘ঠিক কত সময় পর ধারাবাহিকে অভিনয় করছি, তা মনে নেই। শুরুতে নিলয় ভাইয়ের সঙ্গে “জলে ভেজা রঙ” ও “স্মৃতির আলপনা আঁকি” ধারাবাহিকে অভিনয় করেছিলাম। এরপর সিঙ্গেল নাটক নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় ধারাবাহিকে সময় দিতে পারিনি। অনেক সময় দেখা যায়, একক নাটক জনপ্রিয় হলে তার পরবর্তী পর্ব দেখতে চান দর্শক। সেটা মাথায় রেখেই এই ধারাবাহিকের পরিকল্পনা। এ ছাড়া এখন সবাই সিরিয়াল পছন্দ করছে। সব মিলিয়ে মনে হলো, এখন ধারাবাহিকে যুক্ত হওয়া যায়।
আরও পড়ুন: দুর্ঘটনার কবলে তানজিন তিশা, অল্পের জন্য রক্ষা
হিমি আরও বলেন, একক নাটকের ব্যস্ত অভিনয়শিল্পীরা সাধারণত শিডিউল জটিলতার কারণে ধারাবাহিকে সময় দিতে আগ্রহী হন না। ‘আমার ক্ষেত্রেও এমনটা হয়েছে। প্রথম প্রেমের গল্পে কাজ করতে গিয়ে বেশ কয়েকটি একক নাটকের পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে। তবে মন খারাপ হয়নি। সিঙ্গেল নাটকের মতোই অনেক অ্যারেঞ্জমেন্ট নিয়ে শুটিং হচ্ছে। সবাই অনেক গুরুত্ব দিয়ে কাজ করেছেন। সব মিলিয়ে ভালো একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে।’
করপোরেট দুনিয়ার দ্বন্দ্ব, প্রেম, পারিবারিক রহস্য ও প্রতিশোধের কাহিনি নিয়ে তৈরি হয়েছে প্রথম প্রেমের গল্প। নাটকটিতে সহশিল্পী হিসেবে হিমির বিপরীতে অভিনয় করেছেন নিলয় আলমগীর। আরও আছেন ফারিন খান, সুজাতা, আলী রাজ, ফারজানা চুমকি প্রমুখ।
আরও পড়ুন: ভারতের প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগের আন্দোলনে আটক অভিনেতা ইমরান খান





