মুক্তির আগেই ৪০ কোটি রুপি অগ্রিম বুকিং, ‘জেইলার ২’ নিয়ে বড় প্রত্যাশা
দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেইলার ২’ মুক্তির আগেই বক্স অফিসে আলোচনায়। অগ্রিম টিকিট বিক্রির আয় এবং সম্ভাব্য উদ্বোধনী সংগ্রহ নিয়ে বড় প্রত্যাশা তৈরি হয়েছে সিনেমাটি ঘিরে। বাণিজ্য বিশ্লেষক রমেশ বালার পূর্বাভাস, ভারতে প্রথম দিনেই ছবিটি ৯০ কোটি রুপি আয় করতে পারে। আর বিশ্বব্যাপী প্রথম দিনের আয় পৌঁছাতে পারে ১৫০ কোটি রুপিতে। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘জেইলার ২’-এর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে রমেশ বালা জানিয়েছেন, মুক্তির আগেই বিশ্বব্যাপী অগ্রিম টিকিট বুকিং থেকে সিনেমাটির আয় প্রায় ৪০ কোটি রুপি। তার দাবি, এই অঙ্ক প্রথম কিস্তির তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। এর মধ্যে শুধু ভারতেই অগ্রিম বুকিং থেকে এসেছে প্রায় ২০ কোটি রুপি। মুক্তির পর দর্শকদের ইতিবাচক সাড়া পেলে ছবিটির আয় আরও বাড়তে পারে বলে মনে করছেন এই বাণিজ্য বিশ্লেষক। তাঁর পূর্বাভাস, প্রথম সপ্তাহান্তে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৩৫০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে। ভারতের বাজারে একই সময়ে আয় ২৫০ কোটি রুপিতে পৌঁছানোর সম্ভাবনাও দেখছেন তিনি।
‘রণবালী’র সঙ্গে তুলনা
আরও পড়ুন: দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেতা টোবি
বিজয় দেবেরাকোন্ডা অভিনীত ‘রণবালী’র সঙ্গে ‘জেইলার ২’-এর সম্ভাব্য বক্স অফিস ব্যবসার তুলনাও করেছেন রমেশ বালা। তাঁর মতে, ভারতজুড়ে এবং আন্তর্জাতিক বাজারে রজনীকান্তের সিনেমাটি তুলনামূলক ভালো ব্যবসা করতে পারে। অন্যদিকে ‘রণবালী’ মূলত তেলেগু ভাষাভাষী রাজ্যগুলোতে ভালো সাড়া পাবে বলে ধারণা তাঁর।
তারকাবহুল ‘জেইলার ২’
আরও পড়ুন: আটকের পর শরীরে আঘাতের দাগ দেখালেন আমির খানের ভাতিজি
‘জেইলার ২’ পরিচালিত হয়েছে নেলসন দিলীপকুমারের পরিচালনায়। সিনেমাটিতে রজনীকান্তের পাশাপাশি আগের কিস্তির চরিত্রে ফিরেছেন রম্যা কৃষ্ণান ও যোগী বাবুসহ একাধিক অভিনয়শিল্পী। নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন এসজে সূর্য, বিদ্যা বালান, সুরজ ভেঞ্জারামুডু, আন্না রাজন ও যতীন সারনা।
সব মিলিয়ে অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যান ও বাণিজ্য বিশ্লেষকদের পূর্বাভাসে মুক্তির আগেই সিনেমাটি ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত ‘জেইলার ২’ কতটা ব্যবসা করবে, তা নির্ভর করবে মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া এবং সিনেমাটির গ্রহণযোগ্যতার ওপর।





