দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেতা টোবি

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:০৪ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে ব্যতিক্রমী ভূমিকা রাখলেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। জেনিফার মেয়ারের বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি অনুষ্ঠান পরিচালনাও করেছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা। জেনিফারের নতুন জীবনসঙ্গী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে তাঁর বিয়ের আয়োজনে টোবির এমন উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে আলোচনা। এমনকি নবদম্পতির প্রথম চুমুর মুহূর্তেও দেখা গেছে তাকে। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ‘ফোর সিজনস রিসর্ট লানাই’তে বসে জেনিফার ও জিয়োফ্রির বিয়ের আসর। জিয়োফ্রি নাইজেরিয়ার ধনকুবের আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন জীবন শুরু করলেন জেনিফার।

আরও পড়ুন: মুক্তির আগেই ৪০ কোটি রুপি অগ্রিম বুকিং, ‘জেইলার ২’ নিয়ে বড় প্রত্যাশা

তারকাখচিত এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিউডের বেশ কয়েকজন পরিচিত মুখ। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস।

২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন টোবি ও জেনিফার। দীর্ঘ দাম্পত্যের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে আগ্রহ ছিল ভক্তদের।

আরও পড়ুন: আটকের পর শরীরে আঘাতের দাগ দেখালেন আমির খানের ভাতিজি

এবার প্রাক্তন স্ত্রীর বিয়েতে টোবির উপস্থিতি ও অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

জেনিফার ও জিয়োফ্রির সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আসে ২০২৩ সালে। ওই বছরের নভেম্বরে একটি অনুষ্ঠানে একসঙ্গে লালগালিচায় হাজির হয়ে নিজেদের সম্পর্কের কথা জানান তাঁরা। পরের বছর, অর্থাৎ ২০২৪ সালের আগস্টে ইনস্টাগ্রামে বাগ্‌দানের খবর প্রকাশ করেন জেনিফার।

চলতি বছরের ২১ জুন পিতৃদিবসে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে সন্তানের জন্মের খবরও জানিয়েছিলেন জেনিফার। এরপর এবার বিয়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।