লাল শাড়িতে মুগ্ধতা ছড়ালেন মিম
লাল শাড়ি,খোঁপায় সাদা ফুল আর কপালে লাল টিপ-ঐতিহ্যবাহী এক সাজে নজর কেড়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। দুর্গাপূজার মণ্ডপে দেবী দুর্গার প্রতিমার সামনে তার উপস্থিতি যেন উৎসবের আমেজকে আরও রঙিন করে তুলেছে। লাল শাড়িতে মিমের এই স্নিগ্ধ রূপ ধরা পড়েছে ছবিতে।
ছবিতে দেখা যায়, লাল পাড়ের শাড়ি ও সোনালি অলংকারে সেজেছেন মিম। কানে ঝুমকা, হাতে চুড়ি আর পরিপাটি খোঁপায় ফুলের সাজ তার সৌন্দর্যে যোগ করেছে ভিন্ন মাত্রা। একটি ছবিতে পেছন ফিরে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন তিনি। অন্য ছবিতে দুর্গাপ্রতিমার সামনে হাত জোড় করে প্রণাম করতে দেখা যায় এই অভিনেত্রীকে।
আরও পড়ুন: কেন রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আদালতের?
বাঙালির ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জার সঙ্গে দুর্গাপূজার আবহ মিলেমিশে একাকার হয়েছে ছবিগুলোতে। মিমের এই উপস্থিতিতে ফুটে উঠেছে উৎসবের সৌন্দর্য ও বাঙালির চিরচেনা সংস্কৃতির ছাপ।
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম দীর্ঘদিন ধরেই অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা পেয়ে আসছেন। চলচ্চিত্র ও অন্যান্য বিনোদনমূলক কাজে তাঁর উপস্থিতি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন উৎসব ও বিশেষ আয়োজনে তাঁর সাজপোশাকও নজর কাড়ে ভক্তদের।
আরও পড়ুন: দেবী দুর্গার রূপে পরীমনি
দুর্গাপূজার মণ্ডপে লাল শাড়িতে মিমের এই ছবিগুলোতেও ধরা পড়েছে সেই পরিচিত সৌন্দর্য। ঐতিহ্যবাহী সাজে তার উপস্থিতি যেন মনে করিয়ে দেয়, উৎসবের আনন্দের সঙ্গে বাঙালির পোশাক ও সংস্কৃতির সম্পর্ক কতটা গভীর।
উল্লেখ্য যে, বাংলাদেশের মডেল ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ বিদ্যা সিনহা সাহা মিম। ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মধ্য দিয়ে বিনোদনজগতে যাত্রা শুরু হয় তার । কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।





