মারা গেছেন বলিউড নির্মাতা সঞ্জয় গুপ্ত

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:১৭ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউডের অপরাধনির্ভর ও ক্রাইম-থ্রিলার সিনেমার পরিচিত নির্মাতা সঞ্জয় গুপ্ত আর নেই—এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার (৩০ অক্টোবর) ৫৭ বছর বয়সে মৃত্যু হয়েছে তাঁর। চলচ্চিত্রবিষয়ক সাময়িকী ফিল্ম ইনফরমেশন প্রথম তাঁর মৃত্যুর খবর প্রকাশ করে বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার দুপুর আড়াইটার দিকে নিজের বাড়ির রান্নাঘরে পড়ে মাথায় আঘাত পান সঞ্জয় গুপ্ত। সে সময় বাড়িতে তাঁর স্ত্রী ও দুই ছেলেও উপস্থিত ছিলেন। তবে প্রথমদিকে পরিবারের সদস্যরা বুঝতে পারেননি কী ঘটেছে। কী কারণে বা কীভাবে তিনি পড়ে গিয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুন: মুক্তির আগেই রেকর্ড শাহরুখের ‘কিং’-এর

সঞ্জয় গুপ্তের সঙ্গে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জুটি বেশ পরিচিত ছিল। তাঁদের একসঙ্গে কাজ করা উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘কাঁটে’ (২০০২), ‘মুসাফির’ (২০০৪), ‘জিন্দা’ (২০০৬) এবং ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ (২০০৭)।

১৯৯১ সালে মুম্বাইয়ের লোখান্ডওয়ালা কমপ্লেক্সে পুলিশের সঙ্গে সংঘটিত বন্দুকযুদ্ধের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’। বাস্তব ঘটনা থেকে অপরাধনির্ভর সিনেমা নির্মাণে তাঁর আগ্রহের আরেকটি উদাহরণ ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ (২০১৩)।

আরও পড়ুন: বলিউডে কেউ কারও সাফল্যে খুশি হয় না: মনোজ বাজপেয়ি

এ ছাড়া ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ‘জাজবা’ (২০১৫), হৃতিক রোশন ও ইয়ামি গৌতম অভিনীত ‘কাবিল’ (২০১৭), ‘দস কাহানিয়া’ (২০০৭), ‘অ্যাসিড ফ্যাক্টরি’ (২০০৯) এবং জন আব্রাহাম ও ইমরান হাশমি অভিনীত ‘মুম্বাই সাগা’ (২০২১) তাঁর পরিচালিত উল্লেখযোগ্য সিনেমা।

দীর্ঘ চলচ্চিত্রজীবনে অপরাধ, অ্যাকশন ও থ্রিলারধর্মী গল্প নির্মাণের মাধ্যমে বলিউডে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছিলেন সঞ্জয় গুপ্ত।