হাওয়া’র পর আবারও একসাথে জুটি চঞ্চল-তুষীর, সঙ্গী সিয়াম

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:৪৪ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬
চঞ্চল চৌধুরী,নাজিফা তুষী ও সিয়াম আহমেদ। ছবিঃ সংগৃহীত
চঞ্চল চৌধুরী,নাজিফা তুষী ও সিয়াম আহমেদ। ছবিঃ সংগৃহীত

‘হাওয়া’ সিনেমায় চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষীর অভিনয় দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল। সেই সাফল্যের পর আবারও নতুন সিনেমায় একসঙ্গে দেখা যেতে পারে এই দুই অভিনয়শিল্পীকে। এবার তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অভিনেতা সিয়াম আহমেদ।

‘আবার দেখা হলো’ শিরোনামের নতুন সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক শঙ্খ দাশগুপ্ত। আগামী ঈদুল ফিতরকে কেন্দ্র করে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করা  হয়েছে। এতে চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষীর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সিয়াম। সিনেমা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এরই মধ্যে ছবিটির প্রাথমিক প্রস্তুতির কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন: শাকিব খানের নায়িকা হচ্ছেন পাকিস্তানী অভিনেত্রী

পরিকল্পনা অনুযায়ী, চলতি মাসের ১০ তারিখ থেকে ঢাকার বাইরে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে। ফ্রেম পার সেকেন্ডের প্রযোজনায় নির্মিতব্য ছবিটি আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন সংশ্লিষ্টরা।

এ সিনেমায় আরও অভিনয় করবেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। এ ছাড়া আরও কয়েকজন অভিনয়শিল্পীর যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাদের নাম ও চরিত্র সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

আরও পড়ুন: ‘Dear 90’s’ নিয়ে ফিরছেন কোয়েল মল্লিক

এদিকে নতুন সিনেমায় কাজের বিষয়ে নাজিফা তুষী জানিয়েছেন, কয়েকজন নির্মাতার সঙ্গে তার নতুন কাজ নিয়ে আলোচনা চলছে। তবে কোনো প্রকল্পের বিষয়ে এখনই চূড়ান্ত ঘোষণা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।