মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আটক ২
রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ চলাকালে পল্লবীর কালশী রোডে পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ নম্বর এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। একপর্যায়ে তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন পদক্ষেপ নেয়।
আরও পড়ুন: রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের মামলায় বিএনপি থেকে বহিষ্কৃত ‘শুটার লেলিন’ গ্রেপ্তার
শ্রমিকদের আন্দোলন ও সংঘর্ষের কারণে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন। মঙ্গলবার সকালে এমআরটি পুলিশের কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করে জানায়, সকাল থেকেই মিরপুর-১১ নম্বর সেকশনে পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সহিংস রূপ নেওয়ায় মেট্রোরেলের যাত্রী ও স্টেশনের সার্বিক নিরাপত্তার স্বার্থে স্টেশনটির বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমআরটি পুলিশ কন্ট্রোল রুম আরও জানায়, বর্তমানে মিরপুর-১১ নম্বর স্টেশনে কোনো ট্রেন থামছে না। এ স্টেশন দিয়ে যাত্রী ওঠানামাও বন্ধ রয়েছে। তবে মেট্রোরেলের অন্যান্য স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন আবার চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ভাটারা থেকে কোটি টাকার ইয়াবা উদ্ধার মা ও ছেলে আটক





