শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫, আবেগাপ্লুত অমি

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৪৭ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘদিনের পথচলা এবার শেষের দিকে। পর্দায় আর দেখা যাবে না জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন কোনো গল্প—এমন ইঙ্গিত দিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। ধারাবাহিকটির পঞ্চম সিজনের শুটিং শেষ হতে চলায় আবেগাপ্লুত হয়ে পড়েছেন তিনি। দীর্ঘদিনের এই আয়োজনের সঙ্গে নিজের গভীর সম্পর্কের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মনের কথা।

তরুণ দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ‘ব্যাচেলর পয়েন্ট’ একের পর এক সিজন পেরিয়ে জায়গা করে নিয়েছে দর্শকের মনে। বর্তমানে প্রচারিত হচ্ছে ধারাবাহিকটির পঞ্চম সিজন। সম্প্রতি প্রকাশিত হয়েছে এই সিজনের ১৬তম চ্যাপ্টার। এরই মধ্যে নির্মাতা জানিয়েছেন, শেষ হতে যাচ্ছে ধারাবাহিকটির এই সিজন।

আরও পড়ুন: সাদিয়া আয়মানের বয়স কত?

সমাপ্তির মুহূর্ত ঘনিয়ে আসতেই নিজের আবেগ ধরে রাখতে পারছেন না অমি। এ প্রসঙ্গে এক আবেগঘন বার্তায় তিনি বলেন, ‘জীবনে প্রথমবারের মতো শুটিংয়ে যেতে ইচ্ছে করছে না। কারণ, মনে হচ্ছে শুটিংয়ে গেলেই শেষ হয়ে যাবে। ব্যাচেলর পয়েন্ট শুধু একটি ধারাবাহিক নয়, এটি আমার জীবনের বড় একটি অংশ। আমি ব্যাচেলর পয়েন্টেই বাস করি।’

অমির এই বক্তব্যে স্পষ্ট, দীর্ঘদিনের নির্মাণযাত্রা তাঁর কাছে কতটা আবেগ ও স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। তবে পঞ্চম সিজনের শেষ চ্যাপ্টার কবে দর্শকদের সামনে আসবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করেননি নির্মাতা।

আরও পড়ুন: দীপাবলিতে বলিউড পরিচালকের বাসায় অগ্নিকাণ্ড, যা বললেন তিনি

জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শেষ দিনের শুটিং অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্য দিয়ে শেষ হবে ধারাবাহিকটির এই সিজনের শুটিং কার্যক্রম।

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম ও শামীম হাসান সরকার। এ ছাড়া বিভিন্ন চরিত্রে দেখা গেছে মুসাফির সৈয়দ বাচ্চু, অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেককে।