চার দিনে ৫০০ কোটির পথে ‘রামায়ণ’
মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: রাইজ অব এ লিজেন্ড’। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত সিনেমাটি এবার দিওয়ালির বক্স অফিসেও গড়েছে নতুন রেকর্ড। মুক্তির চতুর্থ দিনে বিশ্বব্যাপী প্রায় ৫০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। একই সঙ্গে দিওয়ালির দিনে সর্বোচ্চ আয় করা সাম্প্রতিক বলিউড সিনেমার রেকর্ডও নিজের দখলে নিয়েছে এটি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, দিওয়ালির রবিবারে শুধু ভারতেই সিনেমাটি আয় করেছে ৫৬.১৫ কোটি রুপি। চার দিনে ভারতের বাজারে সিনেমাটির মোট নেট আয় দাঁড়িয়েছে ২৩৮.৮৫ কোটি রুপি। অন্যদিকে বিদেশের বাজার থেকে এসেছে আরও ২১৪ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির আয় পৌঁছেছে ৪৯৯.২০ কোটি রুপিতে।
আরও পড়ুন: সাদিয়া আয়মানের বয়স কত?
এর মধ্য দিয়ে প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’-এর প্রথম চার দিনের ভারতীয় বক্স অফিস সংগ্রহকেও ছাড়িয়ে গেছে ‘রামায়ণ’। মুক্তির পর প্রথম তিন দিনে প্রত্যাশিত ব্যবসার ধারাবাহিকতা বজায় রেখে চতুর্থ দিনেও দর্শকদের আগ্রহ ধরে রেখেছে সিনেমাটি।
দিওয়ালির দিনে আয়ের দিক থেকেও নতুন রেকর্ড গড়েছে ছবিটি। এর আগে ২০২৩ সালে সালমান খানের ‘টাইগার ৩’ দিওয়ালিতে ৪৪.৫০ কোটি রুপি আয় করেছিল। ২০২৪ সালে রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’ সংগ্রহ করেছিল ৪৩.৫০ কোটি রুপি। আর গত বছর আয়ুষ্মান খুরানার ‘থামা’ আয় করেছিল ২৪ কোটি রুপি। এবার ৫৬.১৫ কোটি রুপি আয় করে সেই রেকর্ড ছাড়িয়ে গেছে ‘রামায়ণ’।
আরও পড়ুন: শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫, আবেগাপ্লুত অমি
সিনেমাটির ভাষাভিত্তিক আয়েও রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য। রবিবার ভারতের ২১ হাজার ৭৭০টি শো থেকে মোট ৫৬.১৫ কোটি রুপি আয় করেছে ছবিটি। এর মধ্যে হিন্দি সংস্করণ থেকে এসেছে ৩৬.৭৫ কোটি রুপি। কন্নড় সংস্করণ আয় করেছে ৭.২৫ কোটি, তেলুগু ৬.২৫ কোটি, তামিল ৩.১৫ কোটি এবং মালয়ালম সংস্করণ থেকে এসেছে ২.৭৫ কোটি রুপি।
বিশাল বাজেট ও নির্মাণশৈলীর কারণে মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল সিনেমাটি। প্রথম দিনেই ৬৪.৮৫ কোটি রুপি আয় করে বলিউডের সর্বোচ্চ উদ্বোধনী আয়ের তালিকায় জায়গা করে নেয় এটি। তবে প্রথম দিনের আয়ে ‘আদিপুরুষ’-এর ৮৬.৭৫ কোটি রুপির রেকর্ড ভাঙতে পারেনি।
নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওস, ডিএনইজি ও যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। দুই পর্বে মুক্তির পরিকল্পনা রয়েছে মহাকাব্যনির্ভর এই চলচ্চিত্রের। প্রথম পর্বে ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন রবি দুবে। ২০২৬ সালের ৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে প্রথম পর্ব। এর দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৮ সালের দিওয়ালিতে।





