‘বিশ্ববিদ্যালয়ে পা রাখার পর পরিবারের অভাব বুঝতে শুরু করলাম’

Shahrier Islam Pallab
মো. ইহসানুল হক সাকিব, কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৪৭ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাড়িতে থাকতে সকালে মায়ের ডাকে ঘুম ভাঙত। খাবার টেবিলে মায়ের হাতের রান্না, বাবার খোঁজখবর, ভাইবোনের সঙ্গে খুনসুটি—সবই ছিল প্রতিদিনের স্বাভাবিক দৃশ্য। কখনো এসবের আলাদা গুরুত্ব বোঝা হয়নি। কিন্তু উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যখন বাড়ি ছেড়ে বিশ্ববিদ্যালয়ে আসতে হলো, তখন সেই চেনা মুহূর্তগুলোই হয়ে উঠল সবচেয়ে বেশি মনে পড়ার বিষয়। নতুন ক্যাম্পাস, নতুন বন্ধু আর স্বাধীন জীবনের আনন্দের মাঝেও বারবার মনে পড়ে পরিবারের কথা।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা আসেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। তাঁদের কাছে বিশ্ববিদ্যালয় জীবন মানে শুধু উচ্চশিক্ষা অর্জন নয়, বরং নিজের পায়ে দাঁড়ানোর প্রথম পাঠ। তবে নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার পাশাপাশি পরিবার থেকে দূরে থাকার কষ্টও সঙ্গী হয় অনেকের।

আরও পড়ুন: বন্ধ দরজার ওপারে; রাত যত গভীর হয় ভয় তত সন্নিকটে

২০২৫-২৬ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আনন্দ আহমেদের অভিজ্ঞতা তেমনই। বিশ্ববিদ্যালয়ে আসার আগে কখনো সেভাবে বাড়ির বাইরে থাকেননি তিনি। আনন্দ বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়তে আসার পূর্ব পর্যন্ত কখনো বাড়ির বাইরে সেভাবে থাকা হয়নি। এজন্য পরিবারের অভাব বুঝতে পারিনি। যেই না বিশ্ববিদ্যালয়ে পা রাখলাম, ঠিক তখন থেকেই ধীরে ধীরে পরিবারের অভাব বুঝতে শুরু করলাম।”

প্রতিদিনের সাধারণ মুহূর্তগুলোতেই এখন পরিবারকে খুঁজে পান তিনি। মেসে খেতে গেলে মনে পড়ে মায়ের রান্না, সকালে ঘুম ভাঙলে মনে পড়ে বাবা-মায়ের কথা।

আরও পড়ুন: সুরসম্রাট আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ

একই অনুভূতি লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সাব্বিরের। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর যেমন একটা আনন্দ থাকে, ঠিক তেমনি এখানে আসার পর প্রিয় মানুষের মুখগুলো ভেসে ওঠে। চেনা পরিবেশ আর চেনা কোলাহল ছেড়ে একদম নতুন এক জায়গায় মানিয়ে নেওয়ার প্রথম ধাপটাই বেশ কঠিন।” ক্লাস শেষে রুমে ফিরলে অনেকের মধ্যে থেকেও নিজেকে একা মনে হয় তাঁর। বিশেষ করে খাবারের সময় মায়ের হাতের রান্নার কথা বেশি মনে পড়ে।

আইন বিভাগের শিক্ষার্থী হাসান রাজাও পরিবার থেকে দূরে থাকার কষ্ট অনুভব করেন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে পরিবার ছেড়ে থাকার কষ্টটা আসলে বলে বোঝানো যায় না। দিনশেষে মেসের রুমে একা এসে বসলেই মনে হয়, ইশ! যদি এখন বাড়ি থাকতে পারতাম।” মেসের খাবারের থালায় তাঁর মনে পড়ে মায়ের রান্না আর বাবার আদর মাখা ডাক।

তবে এই দূরত্ব তাঁদের শুধু পরিবারের অভাবই অনুভব করায়নি, শিখিয়েছে আত্মনির্ভরশীল হতেও। নিজের কাজ নিজে করা, রান্না করা, একা সিদ্ধান্ত নেওয়া কিংবা বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতা ধীরে ধীরে বদলে দিচ্ছে তাঁদের।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ফারিয়া জান্নাত হিমুর কাছেও বিশ্ববিদ্যালয়ে আসার প্রথম দিনটি ছিল স্বপ্নপূরণের মতো। তবে হলে আসন না পেয়ে বাইরে থাকতে হওয়ায় নিজের কাজ ও রান্না নিজেকেই সামলাতে হচ্ছে। তিনি বলেন, “এতদিনের চেনা পরিবেশ আর পরিবার ছেড়ে একা একা নতুন জায়গায় মানিয়ে নেওয়াটা মোটেও সহজ ছিল না।”

পরিবার থেকে দূরে থাকার কষ্টের মধ্যেও নতুন সম্পর্কের বন্ধনে তৈরি হচ্ছে আরেকটি পরিবার। রংপুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার পাড়ি দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসেছেন শিক্ষার্থী মিরাজ উননবী সিয়াম। তিনি বলেন, “নিজ পরিবারকে ভীষণভাবে মিস করি। তবে বিশ্ববিদ্যালয় আসলেই যে একটা পরিবার, সেটা ঠিক তখনই বুঝা যায়, যখন নিজের পরিবার ছেড়ে আসা প্রত্যেকটা ছেলে-মেয়েই এখানে একে অপরের পরিপূরক। ব্যাচমেট থেকে সিনিয়র ভাই-আপু সবাই একেকটা ভরসার মুখ।”

একেকজনের অভিজ্ঞতা আলাদা হলেও অনুভূতিটা প্রায় একই। বাড়ি থেকে দূরে এলেই পরিবারের ছোট ছোট যত্নের মূল্য আরও বেশি বোঝা যায়। মায়ের হাতের রান্না, বাবার স্নেহ কিংবা পরিবারের সঙ্গে কাটানো সময় তখন হয়ে ওঠে অমূল্য স্মৃতি।

বিশ্ববিদ্যালয় জীবন শিক্ষার্থীদের নতুন স্বপ্ন দেখায়, আত্মনির্ভরশীল হতে শেখায়। নতুন বন্ধু ও সহপাঠীদের নিয়ে তৈরি হয় আরেকটি পরিবার। তবু দিনশেষে মায়ের জায়গাটি আলাদা হয়েই থাকে। দূরত্ব যতই হোক, মায়ের সেই চিরচেনা প্রশ্ন—‘খেয়েছিস?’—শুনলেই মন ফিরে যেতে চায় বাড়ির উঠানে। তখনই হয়তো সবচেয়ে বেশি উপলব্ধি হয়, বিশ্ববিদ্যালয়ে পা রাখার পরই পরিবারের অভাব বুঝতে শুরু করেছেন তাঁরা।