হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭
দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৭৭টি শিশু।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম–বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: কোরবানির পশুর লাথি-গুঁতায় পঙ্গু হাসপাতালে ৩৩ জন, ১৫ ঘণ্টায় আহত ১৬৮
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে মোট ৪৭৭টি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আরও ৮৮টি শিশুর মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৫ জনে (হাম ও উপসর্গ মিলিয়ে)।
আরও পড়ুন: আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১টি শিশু হামে আক্রান্ত হয়েছে এবং ৮২৬টি শিশু হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এ সময়ে ৭২৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১ হাজার ২৩ জন শিশু চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৯০৫ জনে। এর মধ্যে নিশ্চিত রোগীর সংখ্যা ৮ হাজার ৮৮৫ জন। মোট ভর্তি রোগীর সংখ্যা ৫৪ হাজার ১৮৮ জন, যাদের মধ্যে ৫০ হাজার ৯২৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।





