ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, উচ্ছেদ অবৈধ দোকানপাট

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৩৬ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সাপ্তাহিক কর্মসূচি ‘ক্লিনিং ডে’র অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে অভিযানের উদ্বোধন করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান। এ সময় বিভিন্ন সড়ক ও ফুটপাতের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং মালামাল জব্দ করা হয়। পাশাপাশি মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০১৫

অভিযান চলাকালে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মো. খয়বর রহমান বলেন, গত ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর থেকে ডিএসসিসির নিয়মিত কার্যক্রম জোরদারের পাশাপাশি প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন: হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১০৯

তিনি বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় ডেঙ্গু পরিস্থিতি শতভাগ নির্মূল করা সম্ভব না হলেও বিগত যেকোনো সময়ের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর হার নিয়ন্ত্রণে রয়েছে।

ডিএসসিসি এলাকার বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকা অত্যন্ত জনবহুল। এখানকার রাস্তাঘাট ও ভবন অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা বেশ শ্রমসাধ্য। তারপরও প্রশাসকের নেতৃত্বে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা নগরবাসীর চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করছেন। ইতোমধ্যে এলাকার নর্দমা ও কালভার্টগুলো পরিষ্কার করা হয়েছে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে। নগরীকে পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উল্লেখ্য, ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ডে একযোগে এ ‘ক্লিনিং ডে’ কর্মসূচি পালন করা হয়।