গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন: প্রধান অভিযুক্ত রফিকুল গ্রেপ্তার

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৩৬ পূর্বাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চলাকালে পুলিশের সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় প্রধান অভিযুক্ত রফিকুল ইসলামকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মহানগরের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মিডিয়া অফিসার ইন্সপেক্টর মো. শওকত কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তার রফিকুল ইসলাম নীলফামারীর জলঢাকা থানার আলুশিয়াপাড়া এলাকার মো. ফজলুল হকের ছেলে।

আরও পড়ুন: কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

তিনি গাজীপুর মহানগরের গাছা থানার সাইনবোর্ড এলাকার মেম্বারবাড়ী সড়কে মো. শামসুদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ নভেম্বর সকাল পৌনে ১০টার দিকে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চলাকালে রফিকুল ইসলাম তাঁর সহযোগীদের নিয়ে গাছা থানার হারিকেন ডেগেরচালা সড়কের মাথায় জিএমপির কর্তব্যরত উপপুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট)-এর ব্যবহৃত সরকারি গাড়িতে আগুন দেন। এতে গাড়িটি পুড়ে যায়।

এ ঘটনায় গাছা থানায় মামলা দায়ের করা হয়। পরে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও ভিডিও বিশ্লেষণ করে রফিকুলকে শনাক্ত করে পুলিশ। এরপর অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।