ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, পাচ্ছেন ভিভিআইপি মর্যাদা
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তার প্রস্তুতি শুরু করেছে সরকার। আসন্ন সফরে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর ২০২৬ বাংলাদেশে অবস্থানকালে তিনি এ বিশেষ মর্যাদা ও নিরাপত্তা সুবিধা পাবেন। রোববার (২২ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ গেজেটের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ২(ক) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অনারেবল দাতো সেরি আনোয়ার ইব্রাহিমকে ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ সফরকালে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন: সেন্ট্রাল আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন
এদিকে মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও অংশীদারত্ব আরও জোরদার করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে ডিসেম্বর মাসে দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের ঢাকায় স্বাগত জানানোর প্রস্তুতি চলছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পাশাপাশি মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুরও বাংলাদেশ সফরের কথা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের পর গত জুনে নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি ওই সফর করেন।
আরও পড়ুন: ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল
অন্যদিকে, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। দুই দেশের শীর্ষ নেতাদের সম্ভাব্য এই সফরকে বাংলাদেশের সঙ্গে আঞ্চলিক কূটনৈতিক যোগাযোগ ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।





