ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নতুন স্কিম চালুর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
দেশের প্রতিটি ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পাইলট প্রকল্প চালুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে নিজস্ব তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
আরও পড়ুন: ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন পাইলটিং স্কিমের আওতায় স্বাস্থ্যকর্মীরা প্রতিটি ঘরে গিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করবেন। প্রয়োজন অনুযায়ী রোগীকে হাসপাতালে রেফার করা হবে। এর মাধ্যমে স্বাস্থ্যসেবা আরও সহজ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, সরকার দেশব্যাপী চিকিৎসা ব্যবস্থাকে আরও জনবান্ধব করার পরিকল্পনা নিয়েছে।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩৫
মন্ত্রী আরও বলেন, “বিগত সরকার দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আমরা একটি ব্যতিক্রমধর্মী সরকার পরিচালনা করছি। দলমত নির্বিশেষে সকল মানুষের সেবা করাই আমাদের লক্ষ্য।”
তিনি দাবি করেন, সরকারি সেবা গ্রহণে এখন আর কোনো ঘুষ দিতে হয় না এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রশাসনকে দুর্নীতিমুক্ত রাখার চেষ্টা চলছে।
অনুষ্ঠানে তিনি আরও জানান, চীনের সহযোগিতায় দেশে ৩ হাজার শয্যাবিশিষ্ট দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব হাসপাতালে নারী ও শিশুদের চিকিৎসায় বিশেষ ব্যবস্থা থাকবে।
এ সময় তিনি একটি বেসরকারি হাসপাতালের বিষয়ে মন্তব্য করে বলেন, অনিয়মের কারণে তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নানসহ প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।





