হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭৮৪

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ন, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ৬:৩৭ অপরাহ্ন, ১৮ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৪ জনের হাম শনাক্ত হয়েছে এবং আরও ৬৯৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে বড় হচ্ছে মৃত্যুর মিছিল

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সিলেট বিভাগে তিন শিশুর এবং ঢাকা বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৮ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৮৪ জনে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৬৮৯ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৬৯৯ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৮ জুলাই পর্যন্ত দেশে মোট ১ লাখ ১৬ হাজার ৭১০ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩১৮ জন।

এ ছাড়া, এ সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৯ হাজার ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৯৫ হাজার ৫৩৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।