ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ, পরিচয় মেলেনি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের নিচতলার একটি বাথরুম থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৮ বছর। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের নিচতলায় ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝখানের বাথরুম থেকে মরদেহটি দেখতে পান হাসপাতালের এক পরিচ্ছন্নতাকর্মী। পরে খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২
তিনি জানান, বাথরুম পরিষ্কার করতে গিয়ে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিচ্ছন্নতাকর্মী। পরে সেখানে গিয়ে দেখা যায়, বাথরুমের ওপরের লোহার পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তিনি ঝুলে আছেন। তবে তার শরীর থেকে প্রচুর রক্ত বের হয়ে বাথরুমের মেঝেতে জমে ছিল।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। নিহত তরুণীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তিনি হাসপাতালের রোগী, কোনো রোগীর স্বজন বা দর্শনার্থী, নাকি বাইরে থেকে এসেছিলেন—সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬০৮
ঘটনাস্থলে ওই তরুণীর পায়ের নিচে একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া গেছে। মরদেহটি উদ্ধারের পর পরিচয় শনাক্তসহ ঘটনার বিস্তারিত কারণ জানতে তদন্ত চলছে। প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহটি বাথরুমে ঝুলন্ত অবস্থাতেই ছিল।





