সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:১৭ পূর্বাহ্ন, ০১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। কয়েকটি ব্যাংকের কর্মকর্তাও চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাংকগুলোতে পাঠানো ই-মেইল বার্তায় সালমান মুক্তাদিরের নামে থাকা হিসাবের হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) এবং হিসাব বিবরণী (স্টেটমেন্ট) চাওয়া হয়েছে।

আরও পড়ুন: আত্মহত্যায় প্ররোচনার মামলা: এমপি গাজী নজরুলের প্রথম স্ত্রীর জামিন

বুধবার সকাল ১০টা ৩৮ মিনিটে পাঠানো ওই বার্তায় সালমান মোহাম্মাদ মুক্তাদিরের নাম উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়। বার্তাটিকে উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত হিসেবেও উল্লেখ করা হয়েছে।

বিএফআইইউর নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলোকে সালমান মুক্তাদিরের হিসাবের কেওয়াইসি ও হিসাব বিবরণীর সফট কপি দিতে হবে। একই সঙ্গে সংযুক্ত এক্সেল ফাইলে তার হিসাবসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য এবং চিহ্নিত প্রতিটি হিসাবের সুদ আয় ও উৎসে কর (টিডিএস)-সংক্রান্ত তথ্য পূরণ করে পাঠাতে বলা হয়েছে।

আরও পড়ুন: ফেরানো হচ্ছে ‘মবের শিকার’ শিক্ষকদের

এসব তথ্য এক ঘণ্টার মধ্যে গোএমএল (GoAML) মেসেজ বোর্ডের মাধ্যমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিএফআইইউর একটি পরিপত্রের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে সংগৃহীত তথ্যের গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, বিএফআইইউর এ বার্তা সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকসহ দেশের বিভিন্ন ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।

সম্প্রতি সালমান মুক্তাদিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়। দুর্বৃত্তরা তার কার্যালয়ে ঢুকে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে বলে জানা যায়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিক্রিয়া দেখা যায়।

ঘটনার পর সালমান মুক্তাদির প্রথমে বিএনপির লোকজনের বিরুদ্ধে চাঁদা চাওয়ার অভিযোগ করেছিলেন। তবে পরে তিনি বলেন, তার কাছে চাঁদা চাওয়া হয়নি। এদিকে এ ঘটনার প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, সালমান মুক্তাদিরসহ ব্যাপক পরিচিতি ও ভাইরাল জনপ্রিয়তা রয়েছে—এমন কনটেন্ট ক্রিয়েটররা ভবিষ্যতে আরও দায়িত্বশীল হবেন বলে তিনি আশা করেন।

তবে ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার সঙ্গে কার্যালয়ে ভাঙচুরের ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে সরবরাহ করা তথ্যে কোনো ব্যাখ্যা নেই।