ইরানে হামলার তারিখ জানাল যুক্তরাষ্ট্র, সতর্ক করল মিত্রদের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:০২ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা সামনে রেখে উপসাগরীয় মিত্র দেশগুলোকে প্রস্তুত থাকার সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ৪ নভেম্বর, দেশটির মধ্যবর্তী নির্বাচনের পরদিনই এ হামলা চালানো হতে পারে বলে জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম এমএস নাও।

তিনজন জ্যেষ্ঠ উপসাগরীয় আরব কর্মকর্তার বরাতে এমএস নাও জানায়, সম্ভাব্য এই হামলা স্বল্পস্থায়ী হলেও তীব্র হতে পারে। তবে ইরানের পাল্টা আক্রমণের আশঙ্কায় উপসাগরীয় দেশগুলো ওয়াশিংটনকে উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছে।

আরও পড়ুন: ইরানের সঙ্গে যুদ্ধের আশঙ্কা, মার্কিন সেনাদের গণকবরের মহড়া

আলোচনার বিষয়ে অবগত এক কর্মকর্তা জানিয়েছেন, কয়েকটি উপসাগরীয় দেশ তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালানোর বিরোধিতা করতে পারে। এমন অবস্থান নিলে তিনি অবাক হবেন না বলেও মন্তব্য করেন ওই কর্মকর্তা।

গত ১ সেপ্টেম্বরের পর থেকে ইরানে আর কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রতিশ্রুতি দিয়েছিলেন, মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার আগে ইরানে নতুন করে হামলা চালানো হবে না।

আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল

সম্ভাব্য হামলার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এমএস নাওকে বলেন, ‘যেসব সংবেদনশীল সামরিক পরিকল্পনা থাকতে পারে বা নাও থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা মন্তব্য করি না।’

ওই কর্মকর্তা আরও জানান, ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে ট্রাম্প সব ধরনের বিকল্প খোলা রেখেছেন।