সেতু থেকে বিএমডব্লিউ পড়ে নিহত ৩, আহত ১
ভারতের মুম্বাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগতির বিএমডব্লিউ গাড়ি সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে তিন তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক। রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে মুম্বাইয়ের কোস্টাল রোডে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদন অনুযায়ী, কালো রঙের বিএমডব্লিউটি মেরিন ড্রাইভ থেকে হাজি আলীর দিকে যাচ্ছিল। পথে একটি সেতুতে ওঠার পর চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সেতুর রেলিংয়ে ধাক্কা দিয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনার সময় গাড়িটি সেতুর একটি ঝুলন্ত সাইনবোর্ডও ভেঙে ফেলে।
আরও পড়ুন: সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারীরা গাড়িতে থাকা চারজনকে নায়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত ২০ বছর বয়সী এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের ট্রমা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন ২১ বছর বয়সী শনয় গজ্জল ও ১৭ বছর বয়সী ধিরিয়া শেঠ। নিহত অপর ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর। তাঁর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। রোববার ভোর ৫টা ২০ মিনিটের দিকে কোস্টাল রোড কন্ট্রোল রুমে দুর্ঘটনার খবর আসে। দুর্ঘটনায় বিএমডব্লিউটির ছাদ দুমড়ে-মুচড়ে যায়, উইন্ডশিল্ড চূর্ণ হয়ে যায় এবং গাড়িটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে ইরানের ৭ শর্ত, না মানলে চূড়ান্ত যুদ্ধের ঘোষণা





