পাকিস্তানে মার্কিন কনস্যুলেটে হামলা, নিহত ৮
পাকিস্তানের বন্দরনগরী করাচি-তে মার্কিন কনস্যুলেটের কাছে সহিংস দাঙ্গায় ৮ জন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছেন। রোববার (১ মার্চ) ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর দিয়েছে জিও নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা এম টি খান রোডে অবস্থিত মার্কিন কনস্যুলেটের বাইরে জড়ো হয়ে প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করে এবং পাথর নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সহিংসতায় ৮ জন নিহত হন।
আরও পড়ুন: তুরস্কের অবাক করা ৫ দর্শনীয় স্থান
উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও রেঞ্জারসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।
এ ঘটনায় সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান করাচির অতিরিক্ত আইজির কাছে বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না। পাশাপাশি প্রদেশজুড়ে সংবেদনশীল স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার করল যুক্তরাষ্ট্র
বর্তমানে করাচির পরিস্থিতি থমথমে রয়েছে এবং নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।





