১৪ দেশ থেকে নাগরিকদের দ্রুত সরে যেতে বলল যুক্তরাষ্ট্র
ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে ১৪টি দেশ থেকে দ্রুত সরে যাওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, “গুরুতর ঝুঁকির” কারণে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব বিদ্যমান পরিবহনব্যবস্থা ব্যবহার করে দেশ ত্যাগ করার আহ্বান জানানো হচ্ছে।
আরও পড়ুন: ‘মার্কিন স্থল হামলা নিয়ে ইরানের কঠোর হুমকি’
যেসব দেশের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে সেগুলো হলো— বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্যজুড়ে নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে সম্ভাব্য ঝুঁকি এড়াতে যুক্তরাষ্ট্র আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।





