পশ্চিমা গোয়েন্দাদের দাবি

কয়েক দিনের মধ্যেই ইরানের মিসাইল মজুত ফুরিয়ে যাবে

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ন, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ১১:৩৬ পূর্বাহ্ন, ০৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ষষ্ঠ দিনে গড়িয়েছে। অতর্কিত হামলার জেরে পাল্টা আঘাত হানছে তেহরানও। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। তবে এরই মধ্যে বিস্ফোরক দাবি তুলেছেন পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা।

বুধবার (৪ মার্চ) কয়েকজন পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তা দাবি করেন, ইরান বর্তমানে যে হারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, তা অব্যাহত থাকলে কয়েক দিনের মধ্যেই তাদের মিসাইল মজুত ফুরিয়ে যেতে পারে।

আরও পড়ুন: ট্রাম্পের গাজা-সংক্রান্ত দাবি প্রত্যাখ্যান করলেন ফিলিস্তিনি নেতারা

একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা বার্তাসংস্থা Associated Press-কে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সফলভাবে ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চার লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ফলে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার কমে এসেছে। তবে তিনি এও উল্লেখ করেন, ইরান কৌশলগতভাবে কিছু ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করে রাখতে পারে।

আরেক কর্মকর্তা জানান, ইরানের হামলা প্রতিহত করতে গিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুতও দ্রুত কমে যাচ্ছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশগুলোকে প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহারে আরও সতর্ক হতে হবে।

আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম স্বাভাবিক করার সুপারিশ ভারতের সংসদীয় কমিটির

এদিকে ইসরায়েলি বাহিনী ঘোষণা দিয়েছে, তারা ইরানে নতুন করে ব্যাপক হামলা শুরু করছে। ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা, রকেট লঞ্চার ও সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে এসব অভিযান পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

চলমান হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠছে বলে বিশ্লেষকদের মত।