দাবি ইসরায়েলের: হামলায় দুই শীর্ষ ইরানি গোয়েন্দা কর্মকর্তা নিহত

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:৩৯ পূর্বাহ্ন, ১৫ মার্চ ২০২৬ | আপডেট: ৫:৩৯ পূর্বাহ্ন, ১৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসরায়েল জানিয়েছে, ইরানের সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার অংশ হিসেবে তারা আরও দুই জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার তেহরানে চালানো এক বিমান হামলায় আবদুল্লাহ জালালি-নাসাব ও আমির শরীয়ত নিহত হয়েছেন।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

বিবৃতিতে বলা হয়েছে, এই দুই কর্মকর্তা ‘খাতাম আল-আনবিয়া ইমার্জেন্সি কমান্ড’-এর গোয়েন্দা পরিদপ্তরের দায়িত্বে ছিলেন। ইসরায়েলের দাবি, তাদের মৃত্যু ইরান সরকারের কমান্ড ও নিয়ন্ত্রণ কাঠামোর জন্য বড় ধরনের ধাক্কা।

অন্যদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম চ্যানেল জালালি-নাসাবের মৃত্যুর খবর নিশ্চিত করলেও আমির শরীয়তের অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা

ইসরায়েল আরও জানিয়েছে, দুই সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে তারা প্রায় ৪০০ দফা বিমান হামলা চালিয়েছে। ইরানের অন্যান্য স্থানে হামলা পরিচালনা করছে যুক্তরাষ্ট্র।

শুধু শনিবারই ইসরায়েল ২০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। এর মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র লঞ্চার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র মজুত কেন্দ্র।

এছাড়া শুক্রবার ইসরায়েল ইরানের একটি প্রধান মহাকাশ গবেষণা কেন্দ্রেও হামলা চালিয়েছে। তাদের দাবি, ওই কেন্দ্রটি সামরিক স্যাটেলাইট পরিচালনা এবং নজরদারি কার্যক্রমে ব্যবহৃত হতো।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এর মধ্যে রয়েছেন সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদুর রহিম মুসাভি, প্রতিরক্ষা মন্ত্রী ও সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ আজিজ নাসিরজাদে এবং আইআরজিসির প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর।

এছাড়া গত ২৮ ফেব্রুয়ারি মারা যান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।