স্থল হামলার পরিকল্পনা বিবেচনায় ট্রাম্প

প্যারাস্যুটে ইরানে নামবে ২ হাজার মার্কিন সেনা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬ | আপডেট: ১২:৩২ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য স্থল হামলার পরিকল্পনা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রশিক্ষিত প্যারাট্রুপার মোতায়েনের সম্ভাবনা জোরালো হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, স্থল অভিযান শুরু হলে যুক্তরাষ্ট্রের অভিজাত ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় ২ হাজার সেনা প্যারাসুটের মাধ্যমে ইরানে নামতে পারে। পাশাপাশি আরও প্রায় ১০ হাজার স্থলসেনা মধ্যপ্রাচ্যে পাঠানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

আরও পড়ুন: ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি বিমান হামলার পর পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। স্থল অভিযান শুরু হলে তা সংঘাতকে আরও বিস্তৃত ও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো না হলেও হোয়াইট হাউস-এর মুখপাত্র আনা কেলি জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সব ধরনের সামরিক বিকল্প খোলা রাখছেন।

আরও পড়ুন: ইরানের হামলায় সৌদিতে মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত, আহত ১২ সেনা

বিশ্লেষকদের মতে, সম্ভাব্য অভিযানের একটি লক্ষ্য হতে পারে হরমুজ প্রণালি, যা বৈশ্বিক তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান ইতোমধ্যে এই প্রণালিতে নিয়ন্ত্রণ জোরদার করেছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া কেশম দ্বীপ এবং খারগ দ্বীপ-এর মতো গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনাও সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনায় রয়েছে।

এছাড়া ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতেও অভিযান চালিয়ে সমৃদ্ধ ইউরেনিয়াম দখলের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সামরিক বিশেষজ্ঞরা এটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কম সম্ভাবনাময় বলে মনে করছেন।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের স্থল অভিযান শুরু হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।