একাধিক ফ্রন্টে যুদ্ধের চাপে ভেঙে পড়ার ঝুঁকিতে ইসরায়েলি সেনাবাহিনী

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:১৬ পূর্বাহ্ন, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ৮:১৬ পূর্বাহ্ন, ২৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির সতর্ক করে বলেছেন, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান যুদ্ধসহ একাধিক ফ্রন্টে লড়াইয়ের কারণে সেনাবাহিনী ভয়াবহ চাপে রয়েছে এবং এটি ‘ভেতর থেকে ভেঙে পড়ার’ ঝুঁকিতে পড়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, ইসরায়েলি সেনাবাহিনী বর্তমানে গভীর অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি, যার প্রধান কারণ তীব্র জনবল সংকট। তার ভাষায়, রিজার্ভ বাহিনী দীর্ঘদিন ধরে এই চাপ বহন করছে, কিন্তু তারা আর বেশি দিন এভাবে টিকে থাকতে পারবে না।

আরও পড়ুন: ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল

সেনাপ্রধান জামির সরকারকে সমালোচনা করে বলেন, অতি গোঁড়া ইহুদিদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা, রিজার্ভ আইন সংস্কার এবং বাধ্যতামূলক সামরিক সেবার মেয়াদ বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো সমাধান করা হয়নি।

তিনি আরও জানান, গাজা উপত্যকা, লেবানন, সিরিয়া ও পশ্চিম তীরসহ বিভিন্ন ফ্রন্টে একসঙ্গে অভিযান পরিচালনা করতে হচ্ছে। ফলে সেনাবাহিনীর ওপর চাপ ক্রমাগত বাড়ছে। বিশেষ করে পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করতে হয়েছে, যা ক্লান্ত সেনাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন কয়েক হাজার মার্কিন সেনা

পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে জামির বলেন, সেনাবাহিনী ভেঙে পড়ার আগে তিনি ইতোমধ্যে একাধিক গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত দিয়েছেন। তার মতে, প্রয়োজনীয় আইন দ্রুত পাস না হলে সেনাবাহিনীর কার্যক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিনি সতর্ক করেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে ইসরায়েলি বাহিনী স্বাভাবিক দায়িত্ব পালনের সক্ষমতাও হারাতে পারে।