ভূমি অফিসের দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামানোর প্রত্যয় দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৬ | আপডেট: ৬:৩৫ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে বিশেষ কর্মযজ্ঞের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামিয়ে আনা হবে।

গতকাল রাতে চট্টগ্রাম নগরের চটেশ্বরী রোডস্থ প্রতিমন্ত্রীর বাসভবন ‘ডালিয়া কুঞ্জে’ আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন: স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধে প্রবেশে বিধিনিষেধ, আলোকসজ্জায় নিষেধাজ্ঞা

প্রতিমন্ত্রী জানান, ভূমি অফিসগুলোকে পুরোপুরি অটোমেশনের আওতায় আনা হচ্ছে। হিউম্যান ক্যাশলেস সিস্টেম বা সরাসরি অর্থ লেনদেনহীন পদ্ধতি কার্যকর হলে ভূমির কাজে দুর্নীতি এবং মালিকদের হয়রানি ব্যাপকভাবে কমে আসবে।

তিনি আরও বলেন, অটোমেশন চালু হলে ভূমি মালিকদের রেকর্ডপত্র বা ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য আর সশরীরে অফিসে যেতে হবে না। নাগরিকরা ঘরে বসেই অনলাইনে নামজারি ও জমা-খারিজের কাজ সম্পন্ন করতে পারবেন।

আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রশ্ন ও সরকারের অবস্থান: কী বলছেন বিশ্লেষকরা

চট্টগ্রামের ভূমি সেবার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে ই-সেবার মান যুগোপযোগী করার কাজ চলছে। হাটহাজারী ভূমি অফিসের উদাহরণ টেনে তিনি জানান, সেখানে কোনো ক্যাশ ট্রানজেকশন হয় না। পুরো ব্যবস্থা স্বয়ংক্রিয় হলে ভূমি অফিসগুলোকে দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে।

মীর হেলাল স্পষ্ট করে বলেন, “বাংলাদেশের মানুষ ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জিরো টলারেন্স’ অবস্থানে রয়েছেন। এ নির্দেশনা বাস্তবায়নে মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।