ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি ছাত্রী নাহিদা বৃষ্টি, সহপাঠী লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধার

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ন, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:০৩ অপরাহ্ন, ২৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ হওয়া বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি-র সন্ধান এখনও মেলেনি। গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর এই শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর থেকে তাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশল বিভাগের ২৭ বছর বয়সী এই শিক্ষার্থীর অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি জীবিত না মৃত—এ বিষয়েও অনিশ্চয়তা কাটেনি বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নাহিদাকে খুঁজে পেতে স্থানীয় কমিউনিটির সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সম্পর্কে কোনো তথ্য থাকলে দ্রুত প্রশাসনকে জানাতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

তদন্তের অংশ হিসেবে হিশাম সালেহ আবুগারবিয়েহ নামের এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। নাহিদার নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন: ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প

শেরিফ কার্যালয় জানিয়েছে, নাহিদাকে সর্বশেষ ১৬ এপ্রিল সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড ইনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা যায়। এরপর থেকেই তার মোবাইল ফোনসহ সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ ঘটনায় নতুন মাত্রা যোগ হয়েছে তার সহপাঠী জামিল লিমন-এর খণ্ডিত মরদেহ উদ্ধারের পর। শুক্রবার সকালে টাম্পার লেক ফরেস্ট আবাসিক এলাকার একটি সেতু থেকে লিমনের দেহের অংশ উদ্ধার করে পুলিশ।

জামিল লিমন একই বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে পিএইচডি করছিলেন। তার হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া হিশাম আবুগারবিয়েহর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। একই সময়ে নিখোঁজ হওয়ায় নাহিদার ঘটনার সঙ্গে লিমনের হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি লেক ফরেস্ট এলাকার আবাসিক জোন ঘিরে তল্লাশি জোরদার করেছে। নাহিদা বৃষ্টিকে খুঁজে বের করা এখন তদন্তের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে ওয়াশিংটন ডিসি-তে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে।

সহপাঠীর মর্মান্তিক মৃত্যু এবং নাহিদার দীর্ঘদিন নিখোঁজ থাকার ঘটনায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীদের মধ্যে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।